শিক্ষকসংকটের কারণে জয়পুরহাট সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই বিভাগে নিয়মানুযায়ী ছয়জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। কয়েক দিন আগে তিনিও প্রশিক্ষণের জন্য দুই মাসের ছুটি নিয়েছেন। জানা গেছে, জয়পুরহাট বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণীর তিনটি, স্নাতক ও উচ্চমাধ্যমিকের আট শতাধিক শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করতে হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা সাধারণত এই বিষয়ের ক্লাস নেন। কিন্তু এক বছর ধরে ওই বিভাগে সাইমুম রেজা নামের একজন শিক্ষক আছেন। শিক্ষকসংকটের কারণে এই বিষয়ের নির্ধারিত ক্লাস অনেক সময়ই নেওয়া সম্ভব হয় না। এ কারণে পাঠ্যসূচি শেষ না করেই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়। সাইমুম রেজা গত ৩ জানুয়ারি থেকে দুই মাসের প্রশিক্ষণে ঢাকায় গেছেন। তিনি চলে যাওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পাঠদান কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শিক্ষার্থীরা জানান, স্নাতক (সম্মান) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং একাদশ, দ্বাদশ শ্রেণী ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিদিন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে গড়ে পাঁচ-ছয়টি করে ক্লাস থাকে। একজন শিক্ষকের পক্ষে ওই সব ক্লাস নেওয়া সম্ভব হয় না। এর পরও একজন শিক্ষককেই যত দূর সম্ভব কিছু ক্লাস নিতে হয়। তবে অনেক সময় পার্শ্ববর্তী বেসরকারি কলেজের শিক্ষকদের টাকার বিনিময়ে এনে ক্লাস চালানো হয়। শিক্ষার্থীরা আরও জানান, এক বছর ধরে শিক্ষকের অভাবে বেশির ভাগ সময় পাঠ্যসূচি শেষ না করেই পরীক্ষা দিতে হয়। ক্লাস না হওয়ায় তাঁরা রাষ্ট্রবিজ্ঞানের অনেক কিছুই বুঝতে পারেন না। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারুক হোসেন জানান, শিক্ষকের অভাবে নির্ধারিত ক্লাসই হয় না। মাঝেমধ্যে ভাড়া করা শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হলেও পাঠ্যসূচি শেষ করা যায় না। কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ মিয়া জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আরও পাঁচজন শিক্ষক নিয়োগের জন্য তাঁরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর দুই মাস পর পর প্রতিবেদন পাঠাচ্ছেন। বর্তমানে বেসরকারি কলেজ থেকে শিক্ষক এনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিছু ক্লাস নেওয়া হচ্ছে।