বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সব সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে, অন্য কোনো প্রক্রিয়া দলটির কাছে গ্রহণযোগ্য নয়। এ ধরনের কোনো প্রক্রিয়াকে বিএনপি সমর্থনও করে না।রাজধানীর পল্টনে ২০০১ সালে সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আমরা একটি সুশৃঙ্খল সেনাবাহিনী চাই।’গত বৃহস্পতিবার সেনাসদরের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মান্ধ অল্প কিছু সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রচেষ্টা চালিয়েছিলেন, যা সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে।সংবাদ সম্মেলনে ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে খালেদা জিয়ার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে সেনাসদরের বক্তব্যের প্রসঙ্গ ধরে মির্জা ফখরুল বলেন, ‘এটা অনভিপ্রেত। খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিরোধী দলের নেত্রী। যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতাযুদ্ধের ঘোষক এবং সেনাবাহিনী তৈরি করেছেন, সে দলটি সম্পর্কে এ ধরনের বক্তব্য জনগণ বিশ্বাস করবে না।’একটি দল আন্দোলনের নামে গণতান্ত্রিক-প্রক্রিয়া নস্যাৎ করতে চাইছে—প্রধানমন্ত্রীর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের মাধুরী মিশিয়ে কথা বলেন। তাঁকে দায়িত্বশীল কথা বলা উচিত।