অন্য কোম্পানির সিলিন্ডারে গ্যাস ভরার দায়ে জরিমানা
যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের কারখানায় বসুন্ধরার সিলিন্ডারে নির্ধারিত ওজনের চেয়ে কম এলপি গ্যাস ভরার অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই কারখানা থেকে ২০০টি গ্যাসের সিলিন্ডার জব্দ করা হয়েছে। গতকাল সোমবার শাজাহানপুর উপজেলার নয়মাইলে অবস্থিত ওই কারখানায় অভিযান চালান আদালত।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে আদালত বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বসুন্ধরা ছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন প্রতিষ্ঠানের সিলিন্ডারে কম গ্যাস ভরার বিষয়টি ধরা পড়ে।
ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানান, যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড নিয়ম লঙ্ঘন করে অন্য কোম্পানির সিলিন্ডারে কম ওজনের এলপি গ্যাস ভরছে—এ ধরনের অভিযোগ পেয়ে পুলিশ সঙ্গে নিয়ে তাঁরা ওই কারখানায় অভিযান চালান। অভিযানে দেখা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান যমুনা নিজেদের সিলিন্ডারে ওজন উল্লেখ করে মোড়ক ও লেবেল লাগালেও বসুন্ধরা এবং সরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে নিজেদের মোড়ক লাগাচ্ছে না। তা ছাড়া অন্য কোম্পানির সিলিন্ডারে কম গ্যাস ভরা হচ্ছে। প্রতি সিলিন্ডারে ১২ দশমিক ৫ কেজি থাকার কথা থাকলেও সেখানে ১২ কেজি পাওয়া গেছে। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারা এবং ২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইনের ১৭ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ওই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ওই কারখানার দায়িত্বে থাকা কর্মকর্তা আজমল হক অপরাধ স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকাও দিয়েছেন।
যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের পরিবেশন কর্মকর্তা (বিক্রয়) মো. নুরুদ্দিন দাবি করেন, অন্য কোম্পানির সিলিন্ডারে গ্যাস ভরার অভিযোগ করা হলেও তা আদৌ সত্য নয়। কার্যত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ওই কারখানায় বসুন্ধরার ১৫ থেকে ১৭টি খালি সিলিন্ডার ছিল। এসব খালি সিলিন্ডার যমুনার গাড়িতে ভরে অনেক সময় গন্তব্যে পাঠানো হয়।