অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মাঠে নামব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় অমীমাংসিত বিষয় হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং খুনি চক্রের বিচার না হওয়ার বিষয়টি রয়ে গেছে। আমাদের এই আন্দোলনের মাধ্যমে তার একটা মীমাংসা করার সঠিক প্রক্রিয়া শুরু করা গেছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় হওয়ার ক্ষেত্রে যে আইনি বাধাগুলো ছিল, তা দূর হয়েছে। এটাই ১৭ দিন ধরে চলা আমাদের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের প্রাথমিক অর্জন।’ শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এসব কথা বলেন। গতকাল মহাসমাবেশ শেষে তিনি বলেন, ‘এ লড়াইয়ে বিজয়ী হওয়ার পর আমরা দেশের অন্য গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে মাঠে নামব। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্নের বাংলাদেশ আমরা চেয়েছিলাম, তার বাস্তবায়নে কাজ করব।’ইমরান বলেন, ১৭ দিনের টানা আন্দোলনের প্রাথমিক অর্জন হচ্ছে, সব শ্রেণী-পেশা ও বয়সের মানুষকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির পক্ষে এক কাতারে দাঁড় করানো গেছে। জামায়াত-শিবির এত দিন দেশে যে সহিংস কার্যক্রম চালাচ্ছিল এবং গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, এই আন্দোলনের মাধ্যমে তা অনেকাংশে প্রতিহত করা গেছে। জনগণই তাদের প্রতিহত করেছে, তাদের ডাকা হরতাল মানেনি।সরকারি দল ও প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এই আন্দোলন পরিচালিত হয়েছে বলে অনেকে প্রচার করছে। এ বিষয়ে ইমরান বলেন, ‘আমরা এই আন্দোলনে দেশের সব শ্রেণী-পেশার মানুষকে ডাক দিয়েছি। যারা যে দলে থাকুক না কেন, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবির পক্ষে যারা একমত হয়েছে, তারাই এখানে এসে যোগ দিতে পেরেছে। কিন্তু কোনো রাজনৈতিক দল বা নেতাকে তার দলীয় কর্মসূচি বাস্তবায়নের সুযোগ আমরা দিইনি।’এই আন্দোলন সম্পর্কে ধর্মভিত্তিক দলগুলোর প্রচারণা ও কর্মসূচি সম্পর্কে ইমরান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার লড়াইকে নস্যাৎ করতে ধর্মকে ব্যবহার করা হয়েছে। মানুষের অনুভূতির সবচেয়ে দুর্বল এই জায়গাটিকে কাজে লাগাতে এখনো সেই অপশক্তি সক্রিয় আছে। তারা আমাদের ধর্মপ্রাণ মানুষকে আন্দোলনের বিপক্ষে নেওয়ার চেষ্টা করছে। দেশের সবগুলো প্রচারমাধ্যমে গণজাগরণ মঞ্চের প্রতিদিনের বক্তব্য ও স্লোগানগুলো প্রচার করা হচ্ছে। এখানে ধর্মীয় অনুভূতির বিপক্ষে কোনো দিনই কিছু বলা হয়নি। আশা করি, কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’যুদ্ধাপরাধী তো দেশের অন্য রাজনৈতিক দলেও থাকতে পারে। কিন্তু আপনারা শুধু জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলছেন কেন? জবাবে ইমরান এইচ সরকার বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে বাঙালিদের ওপর যে গণহত্যা চালানো হয়েছিল, জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে তাতে অংশ নেয়। অন্য কোনো দল তা করেনি। এ জন্যই সরকারের কাছে আমাদের প্রধান দাবি, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। তাদের সাংগঠনিক, আর্থিক ও সন্ত্রাসী চক্র ভেঙে দিতে হবে।’