অন্য ছাপাখানা ব্যবহারের অনুমতি পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত ছাপাখানায় পত্রিকা ছাপানোর অভিযোগে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে এ কথা জানিয়ে বলেন, ব্যবস্থা নিতে একটু সময় লাগবে।গত বৃহস্পতিবার পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর ওই রাতেই ছাপাখানায় তালা লাগিয়ে দেওয়া হয়। পরদিন থেকে অন্য ছাপাখানায় সীমিত আকারে পত্রিকাটি ছাপা হচ্ছে।জেলা প্রশাসন সূত্র জানায়, অন্য ছাপাখানা ব্যবহার করে পত্রিকা ছাপা হওয়ার বিষয়ে আমার দেশ কর্তৃপক্ষ জেলা প্রশাসকের অনুমতি নেয়নি। তবে পত্রিকা ছাপা হওয়ায় বিষয়ে তারা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছে।পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ছাপাখানায় তালা লাগিয়ে দেওয়া হলেও পত্রিকার প্রকাশনা বন্ধ করেনি সরকার। বিকল্প ব্যবস্থায় পত্রিকা ছাপা হওয়ার বিষয়টি আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। অনুমতি নিয়েই পত্রিকা ছাপা হচ্ছে বলে তিনি দাবি করেন। রাষ্ট্রদ্রোহসহ তিন মামলায় ১৩ দিনের রিমান্ডে থাকা মাহমুদুর রহমানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল শনিবার রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুর রহমানকে গত বৃহস্পতিবার পত্রিকাটির কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পত্রিকাটির ছাপাখানায় তল্লাশির পর পত্রিকা মুদ্রণে ব্যবহূত যন্ত্রপাতির জব্দ তালিকা তৈরি এবং ছাপাখানায় তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়।দৈনিক সংগ্রামের ছাপাখানা থেকে আমার দেশ পত্রিকার কপি উদ্ধার: গতকাল রাত ১১টার দিকে দৈনিক সংগ্রাম-এর ছাপাখানা আল ফালাহ প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার পাঁচ হাজার কপি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার ওসি শাহ আলম প্রথম আলোকে বলেন, ছাপাখানাটি থেকে আমার দেশ তিন দিন ধরে প্রকাশিত হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। বিনা অনুমতিতে পত্রিকাটি প্রকাশের অভিযোগে মামলা হয়েছে।