
আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে প্রচার কার্যক্রম চালানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অন্য কোনো দল ক্ষমতায় এলে দেশ পিছিয়ে পড়বে।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ফোর সিজনস হোটেলে গত মঙ্গলবার সন্ধ্যায় অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে... অন্য কোনো দল ক্ষমতায় এলে তা হবে না।’
আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব এবং এটি আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।’ প্রধানমন্ত্রী এ সময় প্রবাসী বাংলাদেশিদের আগামী সাধারণ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু করতে এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের দেশের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান।
উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একদল মানুষের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিছু মানুষ আছে, যারা সবকিছুই অপছন্দ করে। সবকিছুতে দোষ-ত্রুটি দেখে। এটাই স্বাভাবিক যে তারা সব বিষয়ে আন্দোলন করবে। তারা বিক্ষোভ করতে থাকুক, আমরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাব।’
বাংলাদেশের প্রশংসায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী: বাংলাদেশকে অর্থনৈতিক ও বাণিজ্যে ‘দ্রুতগতির অগ্রসরমাণ দেশ’ হিসেবে উল্লেখ করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। বুদাপেস্টে মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধার উল্লেখযোগ্য দিক তুলে ধরে হাঙ্গেরির ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ও হাঙ্গেরির শীর্ষ পর্যায়ের বাণিজ্যিক সংগঠন বিজনেস ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো একজন শীর্ষ নেতা শেখ হাসিনার হাঙ্গেরি সফর উপলক্ষে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমরা হাঙ্গেরিয়ান কোম্পানিগুলোকে চামড়া ও জুতা, পাট, সিরামিক, পেট্রোকেমিক্যালস, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত, প্লাস্টিক-সামগ্রী, বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, টেলিকমিউনিকেশন ও আইসিটি, পানি ও মেরিন, অবকাঠামোসহ বিভিন্ন সম্ভাবনাময় সেক্টরে বিনিয়োগের জন্য স্বাগত জানাচ্ছি।’ বুদাপেস্ট মারিয়ট হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা এবং হাঙ্গেরি চেম্বার অব কমার্সের (এইচসিসি) ভাইস প্রেসিডেন্ট এইচ ফারেন্স মিকলোসের নেতৃত্বে দেশটির শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা যোগ দেন। এ সময় এফবিসিসিআই ও এইচসিসির মধ্যে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ফিরেছেন প্রধানমন্ত্রী: হাঙ্গেরিতে চার দিনের সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ১১টার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শেখ হাসিনা স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় সোয়া তিনটায়) দেশের উদ্দেশে বুদাপেস্ট ফিরেন্স লিজট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।
সফরকালে প্রধানমন্ত্রী সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।