জাতীয় পার্টি থেকে যোগদানকারীরাই বাগেরহাট জেলা বিএনপি নিয়ন্ত্রণ করছেন বলে দলের একাংশের নেতারা অভিযোগ করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্থানীয় নেতারা এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বাগেরহাটের কোথাও সম্মেলনের মাধ্যমে কমিটি করা হয়নি। বিভিন্ন দলের দলছুট ও পছন্দের লোকদের সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁদের এসব অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা জেলার সর্বত্র ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সব কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাগেরহাট জেলা বিএনপির একাংশের নেতা শেখ মুজিবর রহমান।লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপির মূলধারার নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে, বর্তমান কমিটির সব অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কর্মকাণ্ডের বৈধতা দিতে এবং আমাদের ঐক্য বিনষ্ট করার জন্য ওই সব নেতা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ৫ অক্টোবর জেলা বিএনপির সভায় অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও অগঠনতান্ত্রিকভাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য শেখ মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি শেখ কামরুল ইসলাম এবং বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মনিরুল ইসলামকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের একজনের প্রাথমিক সদস্য পদ বাতিল বা কাউকে দল থেকে বহিষ্কার করতে হলে তা একমাত্র দলের চেয়ারপারসনই করতে পারেন; অন্য কেউ নয়। অথচ জেলা বিএনপির ওই সব নেতা এখতিয়ারবহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে সাংগঠনিক নিয়মনীতির তোয়াক্কা না করে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছেন।’জেলা বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম, সদস্য জাহিদুর রহমান, এ টি এম আকরাম হোসেন, মুন্সি আবু বকর সিদ্দিকী, অহিদুল ইসলাম, শেখ মতিউর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।বাগেরহাট জেলা বিএনপির একাংশের নেতাদের অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির মুষ্টিমেয় কয়েকজন নেতা ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে না পেরে এসব মনগড়া, উদ্ভট ও মিথ্যা অভিযোগ আনছেন। তাঁরা আওয়ামী লীগের যোগসাজশে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।