অন্য দুই জেলায় নিহতদের তিনজন শিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের সহিংসতায় নোয়াখালীতে নিহত তিনজনের কেউ-ই রাজনীতিতে জড়িত ছিলেন না। সিরাজগঞ্জে নিহত একজন শিবিরের ‘সাথি’ ও অপরজন সাধারণ ছাত্র। কক্সবাজারে নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিবিরের ‘সাথি’, অন্যজন শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:নোয়াখালী: গত বৃহস্পতিবার সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন মো. খোকন (২৫) ও শহিদ উল্লাহ (৩২)। একই দিন গুলিতে আহত নুর উদ্দিন (২০) গতকাল শুক্রবার মারা যান। খোঁজ নিয়ে জানা যায়, এই তিনজনের কেউ-ই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।শহরের দত্তেরহাটে গুলিতে নিহত খোকনের বাবা মজিবুল হক জানান, খোকন ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন। গোলাগুলি শুরু হলে তিনি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তিনি দাবি করেন, তাঁর ছেলে দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে গতকাল নোয়াখালী জেলা যুবদলের এক বিবৃতিতে খোকনকে যুবদলের কর্মী বলে দাবি করা হয়। শহিদ উল্লাহ জেলার বেগমগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের মাহমুদ উল্লাহর ছেলে। শহিদের মামা হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, শহিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। ঘটনার দিন সহিংসতার খবরে শহিদ কৌতূহলী হয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। শহিদের মা আংগুরি বেগম তাঁকে নিষেধ করলেও তিনি শোনেননি। এর কিছুক্ষণ পর খবর আসে শহিদ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মারা যাওয়া নুর উদ্দিন কৃষিশ্রমিক। সদর উপজেলার রামহরিতালুক গ্রামের নুরুল আমিনের ছেলে নুর উদ্দিন ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করতেন। সিরাজগঞ্জ: সহিংসতায় নিহত দুজনের মধ্যে রুহুল আমিন (১৬) সাধারণ ছাত্র। সে ধুকুরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণীর ছাত্র। অন্যজন মোক্তার হোসেন মোক্তার শিবিরের ‘সাথি’ ছিল। নিহত মোক্তার সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্র। রুহুল আমিনের মা রুবিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান, রুহুল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। গোলাগুলি শুরু হলে সে তা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়। অন্যদিকে মোক্তারের মা আমিনা বেগম জানান, তাঁর ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। সকালে নামাজ পড়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়। পরে শোনেন মোক্তার গুলিবিদ্ধ হয়েছে। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদুল হক দাবি করেন, মোক্তার ছাত্রশিবিরের ‘সাথি’ ছিল। রুহুল আমিনকেও শিবিরের কর্মী বলে দাবি করেন তিনি। কক্সবাজার: কক্সবাজারের ঈদগাহ ও পেকুয়া এলাকায় সহিংসতায় নিহত সাজ্জাদ হোসেন (১৭) শিবিরের ‘সাথি’ এবং মো. রশিদ (৩৫) সাবেক শিবিরের ক্যাডার বলে জানা গেছে। রশিদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইলিয়াছের ছেলে। রশিদের স্ত্রী মরিয়ম পারভিন দাবি করেন, রশিদ আগে শিবির করলেও পরে ব্যবসা শুরু করেন। সাজ্জাদ পেকুয়া উপজেলার পূর্ব মেহেরপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে পেকুয়ার পহরচাঁদা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। সাজ্জাদের বাবা জালাল উদ্দিন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে শিবির করত। সাঈদীর মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে সে শহীদ হয়েছে।’