অন্য দেশে সহিংসতা এ দেশে মানিয়ে নেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দরিদ্র দেশগুলোতে খাদ্যের দাম বাড়লে রাজনৈতিক আন্দোলন এবং সহিংসতা দেখা দেয়। কিন্তু খাদ্যের দাম বাড়লে বাংলাদেশের মানুষ খাপ খাইয়ে নেয়। খাদ্যসহ অন্যান্য পণ্যের দাম বাড়লে তারা পোশাক ও উন্নতমানের খাদ্য কেনা বাবদ খরচ কমিয়ে দেয়। অতিরিক্ত পরিশ্রম করে বেশি আয় করার চেষ্টা করে।
যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস (আইডিএস), আন্তর্জাতিক সংস্থা অক্সফাম এবং ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভের (ডিআরআই) এক যৌথ গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট হলে এক কর্মশালায় ‘খাদ্যমূল্যের ওঠানামা: সংকটের মধ্যে বসবাস’ শীর্ষক ওই গবেষণার ফলাফল তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ফেরদৌস জাহান। তিনি বলেন, ২০০৭-০৮ সালে বৈশ্বিক খাদ্যমন্দার ফলে বাংলাদেশের বেশির ভাগ খাদ্যের দাম বেড়ে যায়। তখন গরিব মানুষ আগের চেয়ে পরিশ্রম বাড়িয়ে দেয়। খাবারের মান ও পরিমাণ কমিয়ে দেয়। তিনি বলেন, মন্দার সময় ক্ষুদ্রঋণ এবং বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) চেয়ে ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ, মন্দির, মাজার) গরিব মানুষের খাবারের জোগান বেশি দিয়েছে।
আইনজীবী সারা হোসেন দেশের বিভিন্ন সংকট সম্পর্কে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে লিখতে পারছে না বলে মন্তব্য করেন।
যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টের (আইডিএস) গবেষক ড. নাওমী হোসেন গবেষণাটির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ২০০৭-০৮ সালে বিশ্বজুড়ে খাদ্যের মূল্যবৃদ্ধি দরিদ্র মানুষের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে, তা বুঝতেই এই গবেষণাটি করা হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, কেনিয়া ও মোজাম্বিকে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় যে ধরনের দাঙ্গা বা আন্দোলন হয়েছে, তা বোঝার চেষ্টা করা হয়েছে। ভারতে খাদ্যের অধিকার নিয়ে বড় আন্দোলন হয়েছে। কেনিয়া এবং মোজাম্বিকে সহিংস এবং সশস্ত্র আন্দোলন হয়েছে।
ডিআরআইয়ের নির্বাহী পরিচালক মামুন-উর-রশীদ বলেন, ২০০৯ থেকে শুরু হওয়া ওই চলমান গবেষণায় প্রতিবছরই নির্দিষ্ট কয়েকটি পরিবারের ওপর দ্রব্যমূল্যের প্রভাব পর্যবেক্ষণ করা হয়।