অন্য ধর্ম ও বর্ণের ওপর হামলা বরদাশত করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তির দ্বারা অন্য ধর্মের ও বর্ণের ওপর হামলা বরদাশত করা হবে না। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
গতকাল রোববার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোষরপাড়ায় দুই দিনব্যাপী লালন সাঁই সাধুসঙ্গের আসরের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘লালন মানবতার কথা বলেছেন। মানুষের কল্যাণের কথা বলেছেন। মানুষের মাঝে সুন্দরকে খুঁজেছেন। কিন্তু সাম্প্রদায়িক শক্তি ছায়ানটের রমনা বটমূলসহ বাউলদের ওপর হামলা করেছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এ দেশে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে। এই রাষ্ট্র সব ধর্ম ও বর্ণের। বাউলদের নানা সমস্যা আছে আমরা জানি। তাঁদের চাহিদা খুব একটা বেশি না। বাউলেরা যদি তাঁদের কোনো সমস্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা চান, আমরা তাঁদের সহযোগিতায় এগিয়ে আসব।’
পরে আসাদুজ্জামান নূর সিরাজদিখানে লালন সাঁই বটতলায় একটি একতারা বাউল ফটকের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। মন্ত্রী এই ফটকটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে করে দেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া মন্ত্রী আসাদুজ্জামান নূর লালন সাঁই বটতলায় যাওয়ার সড়কসহ ভূমি সমস্যার বিষয়টি সমাধানের জন্য স্থানীয় সহকারী কমিশনার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করেন।
এরপর সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় লালন সাঁই বটতলায় লালনসংগীতের সাধুসঙ্গ। সাধুসঙ্গে সাধু গুরুরা ছাড়াও লালনগীতি ও বাউল গান পরিবেশন করেন কুষ্টিয়াসহ দেশের খ্যাতনামা শিল্পীরা।
উদ্বোধনী পর্বে আসাদুজ্জামান নূর ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভিন, পারসোনার প্রতিষ্ঠাতা কানিজ আলমাস খান, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, লালন সাঁই বটতলার প্রতিষ্ঠাতা কবির হোসেন, উপদেষ্টা তানভীর হাসান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।