অন্য নামে দেড় বছরে ১৭ হাজার টন আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পের কাঁচামাল হিসেবে গত সাড়ে পাঁচ মাসে ‘ফরমালিন’ আমদানি হয়েছে মাত্র ১৯ কেজি। তবে এর অন্য নাম ‘প্যারা ফরমালডিহাইড’ নামে এসেছে সাড়ে পাঁচ হাজার টন। আর গত দেড় বছরে এই প্যারা ফরমালডিহাইড আমদানি হয়েছে ১৭ হাজার টন। আইনের অস্পষ্টতার কারণে এভাবে আমদানি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷
ফরমালিনের নয়টি রাসায়নিক নাম আছে বলে রসায়নবিদেরা জানিয়েছেন৷ প্যারা ফরমালডিহাইড তারই একটি৷ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবেও দেখা যায়, প্যারা ফরমালডিহাইড আমদানি ব্যাপক হারে বাড়ছে৷ এনবিআরের হিসাবে, ২০১০-১১ অর্থবছরে প্যারা ফরমালডিহাইড আমদানি হয়েছে সাত হাজার ২৬৮ টন৷ ২০১১-১২ অর্থবছরে সাত হাজার ৮৩৩ টন৷ ২০১২-১৩ অর্থবছরে আমদানি হয়েছে ১০ হাজার ৩৯৭ টন৷ ফরমালডিহাইড পানিতে মেশালে তা ফরমালিনে পরিণত হয়।
দেশে বছরে ফরমালিনের চাহিদা নিয়ে নির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায় না৷ ফলে আমদানি হওয়া ফরমালিন বা প্যারা ফরমালডিহাইডের কত অংশ শিল্পে আর কত অংশ খাদ্যদ্রব্যে ব্যবহৃত হচ্ছে, তা সুনির্দিষ্ট করে বলা মুশকিল৷
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০১০-১১ থেকে ২০১২-১৩ অর্থবছরে দেশের ফরমালিন আমদানিকারক ও ব্যবহারকারীদের তালিকা তৈরি করেছে৷ তাতে দেখা গেছে, মুরগি ও মত্স্য খামার—এ দুই খাতে তিন বছরে সবচেয়ে বেশি ফরমালিন ব্যবহার করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ফরমালিনের মোট ব্যবহারের ৭০ শতাংশই হয়েছে মুরগির খামারে।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. মাসুদ সাদিক প্রথম আলোকে বলেন, আমদানিনীতি আদেশের নানা শর্ত মেনেই ফরমালিনের চালান খালাসের ছাড়পত্র দেওয়া হয়। তবে প্যারা ফরমালডিহাইড সলিউশনসহ অন্য কয়েকটি রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসেবে খালাসের ছাড়পত্র দেওয়া হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় ফরমালিন আমদানি নিয়ন্ত্রণের জন্য আমদানি-রপ্তানি নীতি আদেশ ২০১২-১৫ সংশোধন করেছে। সংশোধনীতে আমদানিকারকদের ক্রেতাদের কাছে ফরমালিন বিক্রির হিসাব রেজিস্টারে লিখে রাখতে বলা হয়েছে৷ আদেশের ২৪ অনুচ্ছেদের ৩৯ উপ-অনুচ্ছেদে ‘ক’ ধারা সংযুক্ত করে গত বছরের ১৮ মার্চ করা ওই সংশোধনীতে শুধু ‘ফরমালিন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। ফরমালিনের জেনেরিক বা রাসায়নিক নাম এতে উল্লেখ নেই৷ ব্যবহারের বিষয়েও কোনো দিকনির্দেশনা বা বিধিনিষেধ রাখা হয়নি৷ সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, এই সীমাবদ্ধতার সুযোগ নিয়ে প্যারা ফরমালডিহাইড বা অন্য নামে ফরমালিন আমদানি করা হচ্ছে৷
সর্বশেষ ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৪’ নামে বাণিজ্য মন্ত্রণালয় নতুন আইনের খসড়া তৈরি করেছে৷ সংশ্লিষ্ট সূত্র বলছে, এতেও ফরমালিনের অন্য রাসায়নিক নামগুলো উল্লেখ করা হয়নি। এই অবস্থায় আইনটি পাস হলে ফরমালিনের আমদানি নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে পড়বে৷
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ফরমালিনের অনেকগুলো নামের কথা আমরা এখন শুনছি। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সব নাম সংগ্রহ করা হবে। এরপর আমরা এই রাসায়নিকের আমদানি ও ব্যবহারের ওপর কঠিন আইন তৈরি করব।’
ফরমালিনের আমদানি নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের এপ্রিল ও সেপ্টেম্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ফরমালিন আমদানির সিদ্ধান্তের কথা জানায়৷ কিন্তু ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। এখনো বেসরকারিভাবেই ফরমালিন আমদানি হচ্ছে৷
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মোশারেফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ফরমালিন একধরনের রাসায়নিক, যার নয়টি নাম আছে। আমাদের দেশে ফরমালিন ও ফরমালডিহাইড সলিউশন নামে এই রাসায়নিকের আমদানি হচ্ছে। ফরমালডিহাইড পানিতে মেশালে তা ফরমালিনে পরিণত হয়। এরপর তা খাদ্যদ্রব্যে ব্যবহার করা হচ্ছে।’