অন্য প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন: মাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইগল মার্কা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী দাবি করেছেন, তিনি নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে চলছেন। তাঁর ফেসবুককেন্দ্রিক স্বেচ্ছাসেবকেরা নিজ উদ্যোগে বিনা পয়সায় তাঁর পোস্টার লাগিয়েছেন। তাঁর অভিযোগ, অন্য প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাঁরা পোস্টার ছাপিয়েই খরচ করেছেন ৮০ লাখ টাকা।
গতকাল বুধবার রাজধানীর বনানীতে মাহী তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি ও অভিযোগ করেন। যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন মাহীর কার্যালয় পরিদর্শনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন। পরে মাহী সাংবাদিকদের বলেন, ‘শুনেছি দুই প্লাটুন সেনা নামানো হবে। কিন্তু এটা যথেষ্ট নয়। কারণ, সেনাবাহিনী দেখলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
মাহী গতকাল নর্দ্দা বাজার থেকে জোয়ারসাহারা হয়ে কুড়িল বিশ্বরোড, কাজীবাড়ি, বসুন্ধরা, কোকাকোলা, নতুনবাজার, উত্তর বাড্ডা, লিংকরোড, গুলশান-১, বনানী-১১ নম্বর রোড এবং বনানী বাজারের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তৃতা এবং গণসংযোগ করেন। মাহী ইগল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।