
দেশে চলমান বিশৃঙ্খলা প্রতিরোধে অন্য বাহিনীর প্রয়োজন আছে কি না, সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
ডিএমপি কমিশনার আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে দেখা করতে যান। বেলা পৌনে একটা পর্যন্ত চলে এই বৈঠক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ এ কথা বলেন।
চলমান বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সমর্থ, নাকি অন্য বাহিনীর প্রয়োজন আছে? জানতে চাইলে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘এখনকার বিশৃঙ্খলা প্রতিরোধে অন্য বাহিনীর প্রয়োজন আছে কি না, সেটা নির্ধারণ করবে ইসি। তবে নির্বাচনে সহিংসতা প্রতিরোধে ও নিরাপত্তা রক্ষায় আমরা শতভাগ কঠোর অবস্থানে আছি।’
ডিএমপি কমিশনার জানান, ‘তফসিলের পর আইনশৃঙ্খলা-সংক্রান্ত চাহিদা জানাবে ইসি। যেহেতু নির্বাচন কমিশন কার্যালয় ডিএমপির ভেতরে, সেজন্য আমরা জানতে চেয়েছি তাদের কোনো সহযোগিতার দরকার আছে কি না। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’