অন্য বিদ্যালয়ের ছাত্রাবাসে চলছে পাঠদান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেঞ্চ-সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পাঠদান চলছে বিদ্যালয়ের বারান্দা ও পাশের উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসে। এতে উচ্চবিদ্যালয়ের দূরের শিক্ষার্থীরা আবাসন-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্র জানায়, ১৯৫৭ সালে বিদ্যালয়ের ভবন নির্মিত হয়। ২০১৩ সালের ৫ মে উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুপারিশে উপজেলা শিক্ষা কার্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। তখন থেকে বারান্দায় চট বিছিয়ে চলছে পাঠদান। বাকিদের পাঠদান করা হচ্ছে পাশের আশ্বিনপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসের দুটি কক্ষে। ছাত্রাবাস থেকে ২৫ শিক্ষার্থীকে সরিয়ে ২০১৩ সালের জুনে সেখানে শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয়ের বেঞ্চ দরকার ১৫৮ জোড়া। আছে ৭৪ জোড়া। বেঞ্চের অভাবে মেঝেতে বসেই ক্লাস করছে শিক্ষার্থীরা।
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পাশের আশ্বিনপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসের দুটি কক্ষে চলছে পাঠদান। বিদ্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরের বারান্দায়ও শিক্ষার্থীদের পাঠদান করছেন সহকারী শিক্ষক মিনার হোসেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আসিফ পাটোয়ারী ও মিম আক্তার জানায়, বারান্দায় তাদের পাঠে মনোযোগ থাকে না। দৃষ্টি এদিক-ওদিক চলে যায়। মিনার হোসেন জানান, কক্ষ-সংকটে বারান্দায় ক্লাস নিতে হয়। বৃষ্টি হলে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার জানান, ছাত্রাবাসে গিয়ে পাঠ নিতে শিক্ষার্থীদের সময় নষ্ট হয়। সঠিক সময়ে পাঠ শুরু করা যায় না। ঝড়-বৃষ্টির সময় সেখানে যাওয়াও সম্ভব হয় না। তখন পাঠদান বন্ধ থাকে। শিশু শ্রেণির জন্য নির্দিষ্ট কক্ষ নেই। অন্য শ্রেণির কক্ষ ভাগাভাগি করে পাঠদান করতে হয়। কোনো ক্লাসই ভালোভাবে হয় না। প্রায়ই দু-তিন শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস নিতে হয়। শ্রেণিকক্ষ ও বেঞ্চ-সংকটের কথা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।
আশ্বিনপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইসহাক গাজী জানান, তাঁর বিদ্যালয়ের ছাত্রাবাসে ২৫ জন ছাত্র ছিল। ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে ছাত্রাবাস থেকে ছাত্রদের সরিয়ে দেওয়া হয়। প্রায় দুই বছর ধরে সেখানেই চলছে প্রাথমিকের পাঠদান। এতে তাঁর দূরের ছাত্ররা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. ফরহাদ বলে, ‘অনেক দূর থেকে আইয়া স্কুলে ক্লাস করণ লাগে। হোস্টেলে আমাগো আইতে দেয় না। বাড়ি থেকে ক্লাস করতে অসুবিধা অয়। মাঝে মাঝে ক্লাস মিসও অয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম জানান, ওই প্রাথমিক বিদ্যালয়ের সমস্যার কথা তাঁরা জানেন। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।