ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টের পদ আছে ১০টি। বিভাগ অনুযায়ী কর্মরত আছেন মাত্র দুজন। শিশু বিশেষজ্ঞের পদ গত ফেব্রুয়ারি থেকে শূন্য আছে। বাকি সাতটি পদের বিপরীতে কর্মরত আছেন অন্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের সরবরাহ করা তথ্য অনুযায়ী চক্ষু বিশেষজ্ঞের বিপরীতে গাইনি বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞের বিপরীতে শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিকসের বিপরীতে গাইনি বিশেষজ্ঞ, অবেদনবিদের বিপরীতে কার্ডিওলজিস্ট, সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞের বিপরীতে মেডিকেল অফিসার এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞের বিপরীতে কার্ডিওলজিস্ট দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে। ফলে হাসপাতালটিতে অবেদনবিদ ছাড়াও চক্ষু, চর্ম ও যৌন, অর্থোপেডিকস, সার্জারি, মেডিসিন এবং নাক-কান-গলার চিকিৎসা নিতে এসে উন্নত সেবা পাচ্ছে না রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণত রাজধানীর আশপাশের এলাকায় থাকতে চান। এ কারণে উচ্চপর্যায়ে তদবির করে তাঁরা রাজধানীর আশপাশের বিভিন্ন হাসপাতালে বদলি হয়ে থাকেন। তিনি আরও বলেন, এক বিভাগের বিপরীতে অন্য বিভাগের চিকিৎসক পদ আঁকড়ে রাখলেও তাঁরা যে বিষয়ে অভিজ্ঞ, সে বিষয়েই চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায়, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সাজিয়া আফরিন গত বছরের আগস্ট মাস থেকে চক্ষু বিশেষজ্ঞের বিপরীতে, ২০১৫ সালের ডিসেম্বর থেকে জুনিয়র কনসালট্যান্ট (শিশু) শামীম ফেরদৌস খান নাক-কান-গলা বিশেষজ্ঞের বিপরীতে, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) দিলরুবা ইয়াসমিন অর্থোপেডিকসের বিপরীতে, ২০১৫ সালের ডিসেম্বর থেকে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজিস্ট) মোহাম্মদ রাশেদুল হাসান অবেদনবিদের বিপরীতে, গত জুলাই থেকে মেডিকেল অফিসার রওশন আরা খানম জুনিয়র কনসালট্যান্ট সার্জারির বিপরীতে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের ডিসেম্বর থেকে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজিস্ট) রোজীয়াত পারভীন চর্ম ও যৌন বিশেষজ্ঞের বিপরীতে এবং গত বছরের জুন থেকে মেডিকেল অফিসার বেনজির আক্তার জুনিয়র কনসালট্যান্টের (মেডিসিন) বিপরীতে দায়িত্বে আছেন।
সোমবার সরেজমিনে দেখা যায় হাসপাতালের বহির্বিভাগে মেডিকেল অফিসারদের কক্ষের সামনে রোগীদের দীর্ঘ সারি। এদের অধিকাংশই নারী ও শিশু। দুই বছরের শিশু নিলয় সরকারের বাবা প্রকাশ সরকার বলেন, খাট থেকে পড়ে গিয়ে তাঁর ছেলের বাঁ হাত মচকে গেছে। অর্থোপেডিকস বিশেষজ্ঞ দেখানোর জন্য তিনি ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছেন। কিন্তু ওই বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাঁকে একজন সাধারণ চিকিৎসকের (মেডিকেল অফিসার) পরামর্শের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে।
দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভুগছেন ধামরাইয়ের শরীফবাগের ওসমান গনির স্ত্রী সামসুন্নাহার বেগম (৬০)। স্থানীয়ভাবে চিকিৎসা করে উপকার না পেয়ে তিনি ছেলের বউকে নিয়ে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু চক্ষু বিভাগে বিশেষজ্ঞ না থাকায় তাঁকেও সাধারণ চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে চক্ষুরোগ বিশেষজ্ঞের একটি পদ আছে। এই পদের বিপরীতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন, কিন্তু তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ নন। এ কারণেই সামসুন্নাহারকে একজন সাধারণ চিকিৎসকের (মেডিকেল অফিসার) পরামর্শ নিতে বলা হয়েছে।
চক্ষু বিশেষজ্ঞের বিপরীতে থাকা গাইনি বিশেষজ্ঞ সাজিয়া আফরীন বলেন, ‘চক্ষু বিশেষজ্ঞের বিপরীতে আমাকে এখানে পোস্টিং (পদায়ন) দেওয়া হলেও আমি রোগীদের স্ত্রীরোগ বিষয়েই সেবা দিয়ে যাচ্ছি।’
যোগাযোগ করা হলে ঢাকা জেলার সিভিল সার্জন এহসানুল করিম বলেন, নিয়ম অনুযায়ী কোনো বিভাগের পদ শূন্য না হলে ওই বিভাগে অন্য কাউকে পদায়ন করা সম্ভব নয়। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্টের যেসব পদে নিজ নিজ বিভাগের চিকিৎসক নেই, ওই সব বিভাগে পদায়নের জন্য মন্ত্রণালয়কে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে।