অন্য রকম ইফতার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে ইফতারের আগে প্রার্থনা করছেন রোজাদারেরা। গত শুক্রবার সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো
আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে ইফতারের আগে প্রার্থনা করছেন রোজাদারেরা। গত শুক্রবার সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো

মসজিদের খোলা বারান্দায় সাজিয়ে রাখা হয়েছে রকমারি ইফতারি। আর এর সামনে সারি বেঁধে বসে আছেন মুসল্লিরা। লম্বালম্বি মুখোমুখি তিনটি সারি। নানা বয়সের এবং শ্রেণি-পেশার মানুষ রয়েছেন এতে। ধনি-গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই পাশাপাশি বসে আছেন।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহে মসজিদে গিয়ে দেখা যায় এ চিত্র। প্রতিবছর রমজান মাসের শুরু থেকেই এখানে ইফতারের বিশাল আয়োজন করা হয়। একই সঙ্গে কয়েক হাজার মানুষের ইফতারের ব্যবস্থা থাকে।
মসজিদের খতিবের একান্ত সহকারী মো. হাসান মুরাদ জানালেন, ‘প্রথম থেকে ১০ রমজান পর্যন্ত এক হাজার ২০০ জনের ইফতারের আয়োজন ছিল। ১০ রমজানের পর থেকে ১৫ রমজান পর্যন্ত এক হাজার ৫০০ জনের ইফতারের ব্যবস্থা করেছি। এরপর থেকে শেষ রমজান পর্যন্ত দুই থেকে আড়াই হাজার মানুষের ইফতারের ব্যবস্থা রাখা হবে।’
রমজানের শেষ দিকে লোকজন বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে বললেন, এ সময় আশপাশের বিপণিকেন্দ্রে কেনাকাটা করতে আসা লোকজনও ইফতারের জন্য মসজিদে ছুটে আসেন।
মুসল্লির আসনে বসা স্থানীয় ব্যবসায়ী আবদুর রফিক বললেন, ‘আমি নিয়মিত এখানেই ইফতার করি। সবার সঙ্গে ইফতার করায় বেশি সওয়াব পাওয়া যায় বলে আসরের নামাজ সেরেই চলে আসি।’
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানীর ব্যক্তিগত উদ্যোগ এবং ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ ইফতারের আয়োজন করা হয়। এর সার্বিক সহযোগিতা রয়েছে শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ।
জানা যায়, ১৯৯৬ সালের দিকে প্রথম মক্কা-মদিনার আদলে এ ধরনের ইফতারের রেওয়াজ চালু করার বিষয়ে চিন্তাভাবনা এবং আলাপ-আলোচনা করতে থাকেন মসজিদের খতিব। ২০০১ সাল থেকে চালু হয় ভিন্নধর্মী এ ইফতার।
প্রতিবছর চার-পাঁচজন বিত্তবান নিয়মিত সহযোগিতা দিয়ে আসছেন বিশাল এ কর্মযজ্ঞে। তবে তাঁরা কেউ-ই চাননা নিজেদের পরিচয় জানাতে। এ ছাড়া অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানে। কিন্তু তাও পরিচয় গোপন রেখে।
প্রতিদিন সকাল থেকেই চলে ইফতার তৈরির প্রস্তুতি। মসজিদের একপাশের রান্নাঘরে বড় বড় পাতিলে রান্না পাকানো হয়। এখানে নিয়মিত কাজ করেন ১০ জন পাচক এবং তাঁদের ২২ জন সহযোগী।
দীর্ঘদিন ধরে প্রধান পাচকের দায়িত্ব পালনকারী কুমিল্লার লাকসাম উপজেলার ইয়াছিন বাবুর্চি জানালেন, প্রতিদিন সকাল ছয়টা থেকে রান্না শুরু হয়। একনাগাড়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, খেজুর, চানাবুট, পেঁয়াজু, জিলাপি, সমুচা, আলুর চপ, শরবত ইত্যাদি। এর মধ্যে চানাবুট, পেঁয়াজু, জিলাপি, সমুচা, আলুর চপ তৈরি হয় রান্নাঘরে। জিলাপি, মুড়ি ও শরবত বানানো হয় অন্য জায়গা থেকে। মসজিদের নিজস্ব ডিপ টিউব অয়েল থেকে পানি সরবরাহ করা হয়। ইফতার বণ্টন কাজে নিয়োজিত রয়েছেন মসজিদের ১২ জন বেতনভোগী কর্মচারী।
মসজিদে প্রতিদিন আসরের নামাজের পর শুরু হয় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা। চলে ইফতারের আগ পর্যন্ত। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় আলোচনা।