অন্য রকম ঈদ
>করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

এবারের রমজানটা কেটেছে অন্য রকমভাবে। অফিসে অধিকাংশ দিন যাওয়া লাগেনি, তাই বাসায় থেকে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার সুযোগ পেয়েছি।
এই রমজানে প্রথম পরিবারের সবাইকে নিয়ে এশার এবং তারাবিহর নামাজ জামাতে আদায় করেছি। বাবা, মা, স্ত্রী এবং মেয়ে মানহা ছিল নামাজের নিয়মিত মুসল্লি। আমার ছেলে মাহাদ মাঝেমধ্যে তার খেলা রেখে এসে যোগ দিয়েছে। জামাতে নামাজ পড়ে এবং নামাজ শেষে একসঙ্গে দোয়া করা ছিল সত্যিকারের এক অসাধারণ অনুভূতি। এটা সারা জীবন মনে থাকবে। করোনার কারণে জীবনে এই দুর্লভ সুযোগ আমরা পেয়েছি।
ইউটিউবের মাধ্যমে বাংলা তরজমাসহ নিয়মিত কোরআন তিলাওয়াত শুনেছি। নফল নামাজ এবং জিকির-আসকার অন্য যেকোনো রমজানের তুলনায় অনেক বেশি করেছি। নিয়মিত ইসলামি বই পড়েছি। আরেকটি কাজ করেছি সেটা হলো ইসলামি গান (হামদ-নাত) শোনা, এটার সবচেয়ে ভালো দিক হলো আমার মেয়ে ও ছেলে এখন সারা দিন-রাত গুনগুন করে এই গানগুলো গায়। ওদের কচি মুখে গানগুলো শুনতে খুবই ভালো লাগে। এই রমজানে আল্লাহ আমাদের সবার সব ধরনের ইবাদত-বন্দেগি কবুল করুন, আমিন।
যেহেতু রমজানটা অন্য রকম গেছে, তাই ঈদটাও অন্য যেকোনো ঈদের তুলনায় অন্য রকম হবে, এটা বুঝতে পেরেছি। বাবা-মায়ের অনেক পীড়াপীড়ি সত্ত্বেও সুযোগ থাকার পরেও গাড়ি নিয়ে এবার ঈদে গ্রামের বাড়িতে যাইনি। এটা করেছি পরিবারের সবার এবং গ্রামের আত্মীয়স্বজনদের ভালোর কথা চিন্তা করেই। আশা করি আমার মতো অনেকেই এটা করেছেন। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকি তাহলে সুন্দরভাবে করোনার এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারব ইনশা আল্লাহ।
বিভিন্ন ইসলামি শিক্ষাবিদের পরামর্শ অনুযায়ী পরিবারের সবাইকে নিয়ে বাসায় জামাতে ঈদের নামাজ আদায় করেছি। এটাও জীবনে এক নতুন অভিজ্ঞতা। প্রতিবার তো ঈদগাহে বা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করি।
এই ঈদে যেহেতু আমরা বাসায় থাকছি তাই পরিবারের সবাইকে একটু বাড়তি সময় দিতে পারছি। জীবনের একটা ঈদ বাসায় কাটিয়ে আহামরি কোনো ক্ষতি আমাদের হবে না। সুস্থভাবে বেঁচে থাকলে অনেক ঈদ আমরা বাইরে গিয়ে মজা করে উদ্যাপন করতে পারব ইনশা আল্লাহ।
এই ঈদে আসুন আমরা বেশি বেশি করে গরিব, দুঃখী এবং অসহায় মানুষের খবর নিই, তাদের বেশি বেশি দান করি। আম্পান–কবলিত এলাকার মানুষের খবর নিয়ে তাদেরও দান করতে পারি। আমাদের সামান্য দান হয়তো এই কঠিন পরিস্থিতে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারে। শুধু নিজে ভালো থাকার মধ্যে তেমন কোনো আনন্দ নেই, সবার মুখে সামান্য হাসি ফুটিয়েও সত্যিকারের স্বতঃস্ফূর্ত আনন্দ হয়।
সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সুস্থ রাখুন, আমিন।
*লেখক: প্রধান, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড রেগুলেটরি রিপোর্টিং, হেড অফিস, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গুলশান অ্যাভিনিউ, ঢাকা। মিরপুর–১২, ঢাকা। [email protected]