অন্য রকম উদ্যোগ রক্ষা পেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের একটি মেয়ে (১২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের হস্তক্ষেপে গত রোববার বিবাহটি বন্ধ হয়।এলাকাবাসী ও প্রশাসন সূত্র জানায়, ইউএনও মো. আবদুল হাকিম এবং মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম দুপুরে মেয়েটির বাড়িতে উপস্থিত হন। তাঁরা মেয়ের মা-বাবার সঙ্গে আলাপ করেই বিবাহ বন্ধের নির্দেশ দেন। তা ছাড়া পরিবারটিকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে ইউএনওর পরামর্শে প্রতিবেশীরা স্বতঃস্ফূর্তভাবে অতিথি আপ্যায়নের জন্য কেনা গরুর মাংস নগদ টাকায় কিনে নেন।জানা গেছে, সপ্তম শ্রেণীর ছাত্রী এ মেয়েটির সঙ্গে খুলনার রূপসা উপজেলার হুমায়ুন কবির সরদারের ছেলে আনিস সরদারের (২৫) বিবাহ ঠিক হয়। রোববার এ বিবাহ হওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় কিছু লোক মেয়ের বাবাকে বিবাহ না দেওয়ার পরামর্শ দিলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন। এ অবস্থায় মেয়েটির প্রতিবেশী নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম আলোর এক পাঠক মুঠোফোনে এই প্রতিবেদককে ঘটনাটি জানান। প্রতিবেদক ঘটনাটি ইউএনও এবং মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। এ খবরের ভিত্তিতেই ইউএনও মেয়েটির বাড়িতে যান। পরে মেয়েটির বাবা বলেন, প্রশাসনের কর্মকর্তারা বাড়িতে এসে আমার চোখ খুলে দিয়েছেন। আমি মেয়েকে এখন আর বিবাহ না দিয়ে তাকে লেখাপড়া করাব।মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নাবালিকার বিয়ে দেওয়া অপরাধ। আমি মেয়েটির লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছি।ইউএনও আবদুল হাকিম বলেন, মেয়েটি একেবারেই শিশু। আমরা মেয়েটির বাবাকে বোঝানোর পাশাপাশি বাল্যবিবাহের আইনগত দিক সম্পর্কেও জানিয়েছি। এদিকে প্রথম আলোর সেই পাঠক বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি খবরটি জানাই।