অন্য রকম উৎসব
আগন্তুকদের জন্য তৈরি করা হয়েছে কয়েকটি প্যান্ডেল। পাশেই চা-বিস্কুট ও মিষ্টির দোকান। পাটি বিছিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ফল। শিশুদের জন্য নানা রঙের বেলুন, বাঁশি আর খেলনা। দূরের লোকজনের মোটরসাইকেল-বাইসাইকেল নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে। গতকাল রোববার মাছ ধরার জন্য এভাবেই সেজেছিল পুরাতন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ। এটা মাছ ধরার উৎসব। এতে জাল, খইয়া জাল, পলো ও মাছ রাখার খলই নিয়ে যোগ দেয় শহর ও বিভিন্ন গ্রামের লোকজন।ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ কয়েকজন জানান, ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষিজমির সেচসুবিধার জন্য এলাকায় একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। স্লুুইসগেটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর সরকারের মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলো যাতে কেউ ধরতে না পারে, তা দেখভাল করে ইউনিয়ন পরিষদ। এরপর বছরের এই দিনে সেই মাছ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।গতকাল দুপুরে সরেজমিনে বুড়ির বাঁধ এলাকায় দেখা গেছে, সেখানে ভিড় করেছেন পাইকারেরা। তাঁরা আবার এলাকার মানুষের কাছ থেকে মাছ কিনে সেগুলো বাঁধের ওপর বিক্রি করছেন। পাঁচমিশালি ছোট মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৪৫ টাকা, সিলভার কাপ ৭০-৮০, রুই ৮০-৯০ ও সরপুঁটি ৮০-৯০ টাকা দরে। আর শহর থেকে আসা উৎসুক মানুষ সেই মাছ যাচাই করে কিনেছে।চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘প্রতিবছর এখানে মাছ ধরাকে কেন্দ্র করে মেলা জমে যায়। পানিতে জাল পাতার দৃশ্য দেখে মন ভরে যায়। আমরা এ উৎসবটি বছরের পর বছর ধরে রাখতে চাই।’