অন্য রকম উৎসব
হাডুডু (কাবাডি) খেলাকে ঘিরে গ্রামের শিশুসহ অসংখ্য নারী-পুরুষ মেতে উঠেছেন অন্য রকম আনন্দে। প্রচণ্ড শীতের রাতে তরুণেরা টি-র্শাট আর লম্বা প্যান্ট পরে মাঠে নামলেও ষাটোর্ধ্ব প্রবীণেরা নেমেছেন খালি গায়ে, শুধুই লুঙ্গি পরে।গত মঙ্গলবার রাতে কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া গ্রামবাসীর এ আয়োজন সত্যিই সবার প্রাণ ছুঁয়েছে। মেরংলোয়া গ্রামের সপ্তাহব্যাপী বার্ষিক মিলনমেলা উপলক্ষে শনিবার থেকে হাডুডু, হাঁস ধরা, মাছ ধরা, হাঁড়ি ভাঙা, বালিশ বদল, দাঁড়িয়াবান্ধাসহ নানা খেলাধুলা নিয়ে মানুষের মধ্যে উৎসবের আমেজ চলছে। কাল শুক্রবার স্থানীয় রাবারবাগান বিশ্রামাগারে আনন্দ-ভোজনের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।মিলনমেলা উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক ইজ্জত উল্লাহ জানান, তিন বছর আগে থেকে মেরংলোয়া গ্রামে এ আয়োজন শুরু হয়। সপ্তাহব্যাপী আয়োজনে গ্রামের দুই শতাধিক মানুষ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। মিলনমেলা উদ্যাপন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আলম জানান, মেরংলোয়ার পাঁচটি পাড়ার প্রায় ৬০০ পরিবার এ আয়োজনে অংশ নিয়েছে। জনপ্রতি ১০০ টাকা চাঁদা ধরা হলেও, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য ফি ছাড়া অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।রোববার এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক। স্বাগত বক্তব্য দেন মিলনমেলা উদ্যাপন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আলম। ইউএনও শহীদ মো. ছাইদুল হক বলেন, ‘মেরংলোয়া গ্রামবাসীর ব্যাতিক্রমী এ উদ্যোগ আমাকে অভিভূত করেছে। গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াতে এটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’