অন্য রকম এক চলচ্চিত্রনির্মাতা
চলচ্চিত্র সংসদ আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন তিনি। একসময় নিজেই হয়ে যান চলচ্চিত্রনির্মাতা। নির্মাণ করছিলেন একের পর এক ভিন্নধর্মী ছবি। তারেক মাসুদের মুক্তির গান কিংবা মাটির ময়না ছিল এ দেশের চলচ্চিত্রাঙ্গনের অন্য রকম পাওয়া। কিন্তু মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন মেধাবী এই চলচ্চিত্রকার। তারেক মাসুদের জন্ম হয়েছিল ১৯৫৭ সালে ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে। বাবা মশিউর রহমান মাসুদ ফরিদপুরের ভাঙ্গা থানার একটি হাইস্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। তারেক মাসুদের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার লালবাগ মাদ্রাসায়। এর মধ্যেই শুরু হয় মুক্তিযুদ্ধ। স্বাধীনতার পর গ্রামের স্কুলে ভর্তি হন তিনি। এসএসসি পাস করার পর তারেক মাসুদ চলে আসেন ঢাকায়। উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। আশির দশকের গোড়ার দিকে তারেক মাসুদ তাঁর বন্ধু মিশুক মুনীরকে (শহীদ মুনীর চৌধুরীর ছেলে) সঙ্গে নিয়ে শিল্পী এস এম সুলতানের সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়ান। ১৯৮২ থেকে ১৯৮৯ পর্যন্ত সাত বছর সুলতানের সঙ্গে থেকে কাজ করার পর তৈরি করেন প্রামাণ্যচিত্র আদম সুরত।আদম সুরত-এ কাজ করার সময়ই তারেকের সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক ক্যাথরিন শেপিয়ারের সঙ্গে। ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন তাঁরা। তাঁদের একমাত্র ছেলের নাম বিংহাম পুত্রা মাসুদ নিষাদ।মেধাবী চলচ্চিত্রকার ছিলেন তারেক। আদম সুরত-এর পরে তিনি ১৯৯৫ সালে নির্মাণ করেন মুক্তির গান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়তা পায়। ১৯৯৬ সালে মুক্তির কথা নামে আরেকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তারেক। ২০০২ সালে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিক অ্যাওয়ার্ড’ লাভ করে। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে তারেক আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান হয়ে ওঠেন। তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ ছিলেন ছবিটির সহপরিচালক। এরপর ২০০৬ সালে তিনি অন্তর্যাত্রা এবং ২০১০ সালে নির্মাণ করেন সর্বশেষ ছবি রানওয়ে। এ ছাড়া বেশ কয়েকটি প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। চলচ্চিত্র নির্মাণ ছাড়াও সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন তিনি। ‘শর্ট ফিল্ম ফোরাম’-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৮৮ সালে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন ঢাকায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে। এ ছাড়া তিনি বিভিন্ন সাময়িকী ও পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখি করতেন।তারেক মাসুদ তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদকে নিয়ে ‘অডিওভিশন’ নামের একটি চলচ্চিত্রনির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। চলচ্চিত্র নির্মাণ ছাড়া লোকসংগীত এবং লোকসংস্কৃতির প্রতিও গভীর আগ্রহ ছিল তাঁর।সৃষ্টিকর্ম: তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ও তথ্যচিত্রগুলো হচ্ছে এ কাইন্ড অব চাইল্ডহুড, সোনার বেড়ী, মাটির ময়না, নারীর কথা, মুক্তির গান, মুক্তির কথা, ইন দ্য নেম অব সেফটি, ভয়েসেস অব চিলড্রেন, ইউনিসন, সে, আদম সুরত, অন্তর্যাত্রা, রানওয়ে ও নরসুন্দর। তিনি কাগজের ফুল নামের একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেছিলেন। এ চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ফেরার পথে তাঁরা গতকাল দুর্ঘটনাকবলিত হন। পুরস্কার: খুব অল্প সময়ে অনেক পুরস্কার পেয়েছেন তিনি। আন্তর্জাতিক পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাটির ময়নার জন্য ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিক অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অফিশিয়াল অস্কার এন্ট্রি, মারাকেশ চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য পুরস্কার এবং ২০০৩ সালে কারাফেস্ট করাচি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন। ১৯৯৭ সালে ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ান ডকুমেন্টারিসে মুক্তির গান বিশেষ জুরি পুরস্কার লাভ করে।