অন্য রকম দুর্গা প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের ইন্দ্রসেন মন্দিরে তৈরি দূর্গা প্রতিমা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার শহরের ইন্দ্রসেন মন্দিরে তৈরি দূর্গা প্রতিমা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজার শহরের গোলদীঘির পূর্ব পাড়ে ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ‘ইন্দ্রসেন দুর্গাবাড়ি মন্দির’। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে নানা বয়সী নারী-পুরুষের সমাগম। কারণ, মন্দিরের মাঠে তৈরি হচ্ছে অন্য রকম দুর্গা প্রতিমা। ২৯ সেপ্টেম্বর থেকে সারা দেশের মতো এই মন্দিরেও শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
গতকাল সোমবার বেলা ১১টায় মন্দিরে ঢুকে দেখা গেছে, ২৬ বর্গফুটের বিশাল কাঠের মঞ্চে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। কারিগর চট্টগ্রাম সদরঘাট কালীবাড়ির মৃৎশিল্পী অমল পাল (৪৫)। সঙ্গে চার সহযোগী। গত ১২ দিনে তাঁরা দুর্গা প্রতিমার ৯০ শতাংশ কাজ শেষ করেছেন। বাকি কাজ শেষ করতে আরও তিন দিন লাগবে। তারপর রঙের আঁচড় লাগবে প্রতিমার গায়ে।
অমল পাল বলেন, মাটি, খড়, সুতলি ও কাঠ দিয়ে এই প্রতিমা তৈরি করতে প্রায় দুই লাখ টাকা খরচ হচ্ছে। তারপর দুর্গোৎসবের জন্য মন্দির প্রাঙ্গণ আকর্ষণীয়ভাবে সাজানো হবে।
দেখা গেছে, মন্দিরের খোলা মাঠের পূর্বদিকে ২৬ ফুট প্রস্থ ও ২৬ ফুট উঁচু কাঠের মঞ্চ। ওপরের স্তরে সাজানো দুর্গা প্রতিমা। দুর্গার ডান পাশে ছেলে গণেশ ও মেয়ে লক্ষ্মী। গণেশের বাহক ইঁদুর আর লক্ষ্মীর বাহক প্যাঁচা। আর দুর্গার বাঁয়ে মেয়ে সরস্বতী ও ছেলে কার্তিক। সরস্বতীর বাহক হাঁস আর কার্তিকের বাহক ময়ূর।
অমল পাল বলেন, দুর্গা প্রতিমার ওপরে স্থাপন করা হবে তাঁর স্বামী শিবের মূর্তি। দুর্গার ১০ হাতে থাকবে ১০টি অস্ত্র। ১০ অস্ত্র দিয়ে ১০ দিক নিয়ন্ত্রণ (রক্ষা) করা হয়। দুর্গার পায়ের নিচে মহিষাসুর। আর বাহক হচ্ছে সিংহ। দুর্গা প্রতিমার ঠিক কয়েক ফুট নিচে আরেক স্তরে সাজানো হয় বিশেষ এক প্রদর্শনী। যে কারণে এটি অন্য রকম দুর্গা প্রতিমা।
সারির মধ্যভাবে দুটি লম্বা শিংযুক্ত বিশাল এক মহিষের মাথা। কিন্তু মহিষের মুখ দিয়ে ঝোলানো হাতির মতো দুটি লম্বা দাঁত। মাথার ওপরে আধশোয়া অবস্থায় অসুরকে ত্রিশূল দিয়ে বধ করছেন নারীরূপে দুর্গা। মহিষের দুই পাশে অশুভ শক্তিরূপী অসুর।
মন্দিরের পুরোহিত মৃদুল চক্রবর্তী বলেন, দেশের কোথাও এ রকম প্রতিমা তৈরি হয় না। অন্য রকম প্রতিমা বলেই এই মন্দিরে এখন থেকে পূজারি ও দর্শনার্থীর সমাগম বাড়ছে। প্রাচীন এই মন্দিরেই জেলার সর্বপ্রথম দুর্গোৎসব পালিত হয়েছিল।
মন্দিরের প্রতিষ্ঠাতা ইন্দ্র সেনের বড় ছেলে বিপুল সেন (৫৯) বলেন, বিশেষ এ মূর্তির নামকরণ করা হয়েছে ‘নারী নির্যাতন প্রতিরোধ কর’ স্লোগানে। মূর্তি দেখে যেন মানুষ নারী নির্যাতন বিষয়ে সচেতন হয়। গত বছরের দুর্গোৎসবে দুর্গা প্রতিমার পাশে বিশেষ মূর্তি ছিল ‘ কৈলাস পর্বত’। ওই মূর্তি দিয়ে লোকজনকে তখন পাহাড় ও বৃক্ষনিধন সম্পর্কে সচেতন করা হয়েছিল। উৎসবের সময় অন্তত ৫০ হাজার সনাতন ধর্মাবলম্বী এখানে পূজা করতে আসেন।
জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রণজিত দাশ বলেন, এবার জেলার সাতটি উপজেলা ও তিনটি পৌরসভায় ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা চলবে। ৩ অক্টোবর বিকেলে সব প্রতিমা সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে বিসর্জন দেওয়া হবে।