অন্য রকম বনভোজন

উঁচু দেয়ালে ঘেরা একটি বাড়ি। শহরের মহিলা কলেজ সড়কের এই বাড়িতে সব সময় থাকে পুলিশি পাহারা। বাইরে থেকে বাড়ির আঙিনায় দৃষ্টি যাওয়ার সুযোগ নেই। পথচারী বা অন্য কেউ আগ্রহ থাকলেও বেশি কৌতূহলী হন না। কারণ ফটকে লেখা ‘জেলা প্রশাসকের বাসভবন’।
গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন। বেলা ১১টার দিকে বাড়ির ফটকে উঁকি মেরে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সুনসান নীরবতার বাড়ির ভেতরে হইচই। সাউন্ডবক্সে গান বাজছে। ‘আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে’; ‘আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথি মোদের নীল পরি...’। এমন শিশু-স্বপ্ন জাগানো সব গান। বাড়ির ভেতরে ঢুকতেই চোখ আটকে গেল। শিশুসুলভ আচরণে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন জেলা প্রশাসক। আড্ডা দিচ্ছেন। জড়িয়ে ধরে ছবি তুলছেন। দল বেঁধে শিশুরা আসছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান জানালেন, সুবিধাবঞ্চিত সরকারি শিশু পরিবার এবং প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু বিদ্যালয়ের শিশুরা আবদার করে তারা বনভোজন করবে। তারা নাছোড়বান্দা। বনভোজন করতেই হবে। সুবিধাবঞ্চিত এসব শিশুর ইচ্ছা পূরণের জন্যই এমন আয়োজন।
জানা গেল, বনভোজন উপলক্ষে শিশু পরিবারের ১৫৩টি এবং প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু বিদ্যালয়ের ২৫টি শিশু সকাল ১০টার পর জেলা প্রশাসকের বাংলো বলে পরিচিত মহিলা কলেজ সড়কের ওই বাড়িতে উপস্থিত হয়। শিশুদের জন্য বাংলোটি উন্মুক্ত করে দেওয়া হয়। সুবিধাবঞ্চিত এসব শিশু জেলা প্রশাসকের শয়নকক্ষ থেকে শুরু করে সবখানে অবাধে ঘুরে বেড়ায়; আনন্দ-উল্লাস করে। বল বদল খেলা, চোখ বাঁধা, দোলনায় চড়া-এমন অনেক খেলায় মেতে ওঠে শিশুরা। বাংলোয় থাকা সব খেলার উপকরণ ব্যবহার করে শিশুরা। যা বাংলোর নিবাসীরা ছাড়া অন্য কেউ ব্যবহারের সুযোগ পান না। বনভোজনের খেলাধুলার পাশাপাশি জেলা প্রশাসক হাওয়াই মিঠাইসহ শিশুদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন। শিশুরা পরম আনন্দে সেগুলো খেয়েছে। দুপুরে খাবারেও ছিল ব্যতিক্রমী ব্যবস্থাপনা। সরকারি বালিকা বিদ্যালয়ের ১২ গার্লস গাইড এসব শিশুকে আপ্যায়নের ব্যবস্থা করে। কোনো ডেকোরেটরের দক্ষ কর্মী ছাড়া শিশুরা আনন্দের সঙ্গে এসব করে। শিশু পরিবারের শিশুদের নদীর নামে ছয়টি দল করে দেওয়া হয়। তারা দলভুক্ত হয়ে আনন্দ করে।
বনভোজনে এসে মহাখুশি বুদ্ধিপ্রতিবন্ধী সিঁথি। কেমন লাগছে এখানে-জানতে চাইলে সিঁথি তোতলাতে তোতলাতে বলে, ‘খুউব মজা। আমি দোলনাতে চড়েছি। গান করেছি। ডিসি আঙ্কেল আমাকে আসতে বলেছে। আমি এখানে আরও অনেক খেলব। বাড়ি যাব না।’
কৌতূহলী শিশুরা বাধাহীন বেড়াচ্ছিল বাংলোর ভেতরে। দল বেঁধে অনেককে দেখা গেল, বাংলোর বিভিন্ন কক্ষ ঘুরে দেখছে। অ্যাকুয়ারিয়ামে মাছ দেখে শিশুদের চোখ রীতিমতো ছানাবড়া। সন্দেহ নিয়ে কয়েকজন শিশু এই প্রতিবেদককে জিজ্ঞেস করল, ‘আচ্ছা আঙ্কেল, ওইগুলো কি সত্যি সত্যি মাছ? মাছ তো পুকুরে থাকে। এখানে এল কেমন করে?’
অনেক শিশুকে জেলা প্রশাসকের বাংলোর নরম সোফায় আয়েশ করে বসে, আবার কাউকে লাফাতে দেখা গেল। এ যেন তাদের কাছে এক স্বপ্ন। বনভোজন নয়, যেন গতকাল ছিল আনন্দ মেলা। ছিল বাঁশির শব্দও। শিশুরা দল বেঁধে গলা ছেড়ে গান গাইছিল।
জেলা প্রশাসক বলেন, ‘ওদের সঙ্গে সুন্দর একটি দিন কাটালাম। এটা আমার কাছে বড় আনন্দের। বলে বোঝানো যাবে না। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন আনন্দ আরও করতে চাই। আসুন, আমরা সবাই ওদের পাশে দাঁড়াই। হাত বাড়িয়ে দিই।’