অন্য রকম বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের বেশে লাজুক মুখে বিয়ের মঞ্চে বসে ছিলেন বেবী আক্তার। আর বর সেলিম হোসেন সেজেছিলেন শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে। মঞ্চের পাশে চলছিল মিষ্টি বিতরণ, ফটোসেশন। উচ্চশব্দে বাজছিল গান। সঙ্গে ভরপুর খানাপিনা। হই-হুল্লোড়, নাচানাচি তো আছেই।

খুলনা নগরের ১৯ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার দুপরে এই বিয়ের আয়োজন করা হয়। এত উৎসাহ-উচ্ছ্বাসের একটাই কারণ, বর-কনে দুজনই প্রতিবন্ধী। কনে বেবী বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী। আর বর সেলিম বাক্‌, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের অন্তত আটজন কাউন্সিলর। ছিলেন খুলনা শিল্প ও বণিক সমিতির তিনজন পরিচালকও। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ৫০০।

এই বিয়ের মূল উদ্যোক্তা খুলনা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান। তিনি বলেন, বর সেলিম থাকেন নগরের গোবরচাকা এলাকায় ভাড়া একটি বাসায়। তাঁর বাবা প্রায় ২০ বছর আগে মারা গেছেন। মা থাকেন যশোরে। সাত বছর ধরে কাউন্সিলর অফিসের ছোটখাটো কাজ করছেন তিনি। আর কনে বেবীর বাড়ি নগরের হাজি ইসমাইল রোডে।

কাউন্সিলর আশফাকুর বলেন, ‘এ দুই প্রতিবন্ধীর বিয়ের বিষয়টি আমি এলাকার মুরব্বিদের সঙ্গে আলোচনা করলে তাঁরা রাজি হন। সামাজিকভাবে সবাই মিলে একটা ভালো কাজ করার তাগিদেই মূলত এ বিয়ের আয়োজন করা।’

কাউন্সিলর বলেন, তাঁরা কয়েকজন বন্ধু মিলে বর ও কনের যৌথ হিসাবে পাঁচ বছর মেয়াদি ১ লাখ টাকার একটি স্থায়ী ডিপোজিট করেদেবেন। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরাও নগদ টাকাসহ কিছু উপহার দিয়েছেন। ওই টাকা দিয়ে একটি পারিবারিক সঞ্চয়পত্র করে দেওয়া হবে।