অন্য রকম মাছের রাজ্য

চারতলা ভবনের তিনতলাজুড়েই নান্দনিক শিল্পকর্ম সমৃদ্ধ ছোট-বড় শতাধিক অ্যাকোরিয়াম। বৈদ্যুতিক আলোয় ঝলমলে অ্যাকোরিয়ামের স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে হাঙর, কোরাল, পাঙাশ, মাইট্যা, কামিলা, রূপচাঁদা, ইলিশ, জেলি ফিশ, লবস্টারসহ নানা প্রজাতির মাছ। সুড়ঙ্গের ভেতরে হাঁটতে হাঁটতে দেখা মেলে এসব মাছের। এ যেন সাগরতলের এক আশ্চর্য জগৎ। অন্য রকম এক মাছের রাজ্য।
কক্সবাজার শহরের ঝাউতলায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ফিশ অ্যাকোরিয়ামের চিত্র এটি। নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। প্রায় ৮০ শতক জমির ওপর তৈরি চারতলা ভবনের তিনতলাজুড়েই এই ফিশ অ্যাকোরিয়াম। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রেডিয়েন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ছিদ্দিক মিয়া চৌধুরী প্রমুখ।
শীতাতপ নিয়ন্ত্রিত ফিশ ওয়ার্ল্ডে জনপ্রতি টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। সুড়ঙ্গ দিয়ে অ্যাকোরিয়ামে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বিশাল এক পাঙাশ মাছ। যার ওজন প্রায় ৫০ কেজির মতো হবে। তারপর দেখা মেলে হাঙর, লবস্টার, কোরাল, গুইজ্জ্যা, জেলি ফিশসহ নানা মাছ। অ্যাকোরিয়ামগুলোতে রাখা হয়েছে কৃত্রিম প্রবাল। সেই প্রবালের ভেতরে নানা রংবেরঙের মাছ সাঁতরে বেড়াচ্ছে।
কক্সবাজারের পর্যটনশিল্পকে আরেক ধাপ এগিয়ে নিতে এই অ্যাকোরিয়াম বড় ভূমিকা রাখবে বলে মনে করেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত হয়েছে এই অ্যাকোরিয়াম। সময় লেগেছে দুই বছর। অ্যাকোরিয়ামে বঙ্গোপসাগরের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সংরক্ষণ করা হয়েছে। ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা বিনোদনের পাশাপাশি অ্যাকোরিয়াম রাখা নানা প্রজাতির মাছ সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশে এ রকম অ্যাকোরিয়াম এটিই প্রথম বলে দাবি করেন তিনি।
ফিশ ওয়ার্ল্ডে অ্যাকোরিয়াম ছাড়াও মাছের জাদুঘর, ছোট চিড়িয়াখানা, ছোটদের খেলার স্থান, স্যুভেনির শপ, ডিজিটাল কালার ল্যাব, থ্রিডি ও নাইন ডি শো, পার্টি সেন্টার, ফ্রি ওয়াই-ফাই জোন, লাইভ ফিশ রেস্টুরেন্টসহ বিনোদনের নানা সুবিধা রয়েছে।
ফিশ ওয়ার্ল্ডের মহাব্যবস্থাপক কাজী নিজামুল ইসলাম বলেন, কক্সবাজারে প্রতিবছর ভ্রমণে আসেন অন্তত ২০ লাখ দেশি-বিদেশি পর্যটক। সমুদ্রদর্শন ছাড়া এখানে বিনোদনের কিছু নেই। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড চালুর মাধ্যমে সে অভাব কিছুটা দূর হবে।
অ্যাকোরিয়ামের তত্ত্বাবধায়ক সমুদ্রবিজ্ঞানী মো. নুরুল বাকি বলেন, অ্যাকোরিয়ামে হাঙর, পিতম্বরী, শাপলা পাতা, সাগর কুচিয়া, বোল, পানপাতা, চেওয়া, জেলি ফিশসহ অর্ধশতাধিক বিরল প্রজাতির মাছ রয়েছে।
ফিশ ওয়ার্ল্ডের প্রকল্প পরিচালক কাজী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখানে শতাধিক অ্যাকোরিয়ামে রয়েছে ২০০ প্রজাতির সামুদ্রিক মাছ। আরও ১০০ প্রজাতির মাছ আনা হচ্ছে। পাশাপাশি কিছু অ্যাকোরিয়ামে মিঠা পানির মাছও রাখা হবে।