অন্য রকম যাত্রীসেবা
ঢাকা সিটি কলেজের ব্যবসা প্রশাসন বিভাগের শেষ বর্ষের ১৫২ শিক্ষার্থী ও চার শিক্ষক গত ৭ ফেব্রুয়ারি প্রমোদতরি এমডি ফারহান ক্রুজে করে টেকনাফ যান প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে। বিকেল তিনটায় তাঁরা সবাই গোসলে নামেন দ্বীপের পশ্চিম সৈকতে। হঠাৎ একটি বড় ঢেউয়ের তোড়ে ভেসে যান সাখাওয়াত হোসেন, ওমর ফেরদৌস, সানসারদীন আল শামস ও আশরাফুল হক রায়হান। শুরু হয় শিক্ষক-শিক্ষার্থীদের কান্নাকাটি। তাঁদের উদ্ধারে ছিল না কোনো উদ্ধারকর্মী। এ সময় স্থানীয় কয়েকজন জেলে অজ্ঞান অবস্থায় তুলে আনেন চার শিক্ষার্থীকে। সেন্ট মার্টিনে তাঁদের চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। ছিল না টেকনাফে নেওয়ার কোনো জাহাজ। কারণ জাহাজগুলো প্রতিদিন সকাল সাড়ে নয়টায় টেকনাফ থেকে ছেড়ে দুপুর সাড়ে ১২টায় সেন্ট মার্টিনে পৌঁছে। আবার বিকেল তিনটায় সেন্ট মার্টিন থেকে যাত্রীদের নিয়ে টেকনাফে ফিরে আসে। বিকেল চারটায় একটি ইঞ্জিন নৌকায় করে অসুস্থ চারজন ছাত্রকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।এদিকে সহপাঠীর মৃত্যুর সংবাদে সেন্ট মার্টিনে অবস্থান করা বাকি শিক্ষার্থীরা টেকনাফে ফেরার জন্য অস্থির হয়ে ওঠেন। কিন্তু রাতের মিয়ানমার সীমান্ত ঘেঁষে জাহাজ অথবা ট্রলার চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সম্ভব হচ্ছিল না। অবশেষে এগিয়ে আসেন ফারহান ক্রুজের পরিচালক তোফায়েল আহমদ। ঝুঁকি নিয়ে জাহাজ নামালেন সাগরে। গভীর রাতে জাহাজ পৌঁছায় সেন্ট মার্টিনে। পরের দিন সকালে জাহাজটি শিক্ষার্থীদের নিয়ে পৌঁছায় টেকনাফ। ঝুঁকি নিয়ে হলেও যথাসময়ে টেকনাফ পৌঁছাতে পারায় জাহাজের পরিচালকের প্রতি শিক্ষার্থীদের কৃতজ্ঞতার শেষ নেই। তাঁরা জাহাজ ভাড়া দিতে চাইলেও পরিচালক সে টাকা নিতে রাজি হননি। জাহাজের পরিচালক তোফায়েল আহমদ বলেন, ‘মানবিক কারণে টাকা নিতে তাঁর মন চায়নি। শিক্ষার্থীদের বিপদের সময় পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি।’ জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘পুলিশের সহযোগিতা ছাড়া জাহাজ নামানো সম্ভব ছিল না। কারণ এই নৌপথে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত জাহাজ চালানো নিষিদ্ধ।