অন্য রকম রোমিও জুলিয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিফারেন্ট রোমিও জুলিয়েট নাটকের মহড়ার একটি দৃশ্য l ছবি: সাজিদ হোসেন
ডিফারেন্ট রোমিও জুলিয়েট নাটকের মহড়ার একটি দৃশ্য l ছবি: সাজিদ হোসেন

সর্বনাশ! মইয়ের ওপর ঝুলে আছে যে ছেলেটা, একটু একটু করে উঠছে ওপরে, ওর তো একটা দুর্বল পা! পড়ে যাবে না তো!
‘না, পড়ে যাবে না!’ অভয় দেন এশা ইউসুফ, নাটকের সহকারী নির্দেশকদের একজন। ‘মহড়া চলছে অনেক দিন ধরেই। ওরা এখন পাকা অভিনয়শিল্পী!’
বেশ কজন শিল্পী এ দৃশ্যটায় অভিনয় করছেন। একটু দূর থেকে তাঁদের দিকে কড়া নজর রেখেছেন দুই জেনি-জেনি সিইলি ও জেনি ড্রপার। একচুল এদিক-ওদিক হলেই শুধরে দিচ্ছেন তাঁরা।
একটু পর রোমিও আর জুলিয়েটের বিয়ের দৃশ্য। দুজোড়া রোমিও, দুজোড়া জুলিয়েটের বিয়ে হচ্ছে। আর ঠিক সে সময় বেজে উঠছে উত্তরবঙ্গের বিয়ের সুরেলা সংগীত। পাশ থেকে একজন ফিস ফিস করে বললেন, ‘গায়েন দলের প্রায় সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। সংলাপ শুনেই তাঁরা বুঝে ফেলেন, কখন ধরতে হবে গান।’
গানের সঙ্গে বাজে দেশি বাদ্য।
জাতীয় নাট্যশালায় গত বৃহস্পতিবার দুপুর থেকেই চলছিল মহড়া। ডিফারেন্ট রোমিও-জুলিয়েট নামে নাটকটিতে অভিনয় করছেন শারীরিক, দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীরা। তবে আয়োজকেরা ‘প্রতিবন্ধী’ শব্দটার প্রতিই জানালেন ঘোরতর আপত্তি। তাঁরা মনে করেন, এঁরা ভিন্নভাবে সক্ষম মানুষ—প্রকৃতির বিচিত্র খেয়ালে যাঁরা ভিন্নভাবে জন্মেছেন।
শুরুটা এমন: একদল ছেলেমেয়ে ক্রিকেট খেলছিল। শুধু একটি বাক্প্রতিবন্ধী মেয়ে পড়ছিল বই। ওকে খেলায় নেওয়ার জন্য টানাটানি চলতে থাকে। ছিঁড়ে যায় বইটা। তখন ছেঁড়া পাতাগুলোয় চোখ বোলায় ওরা। বইটি ছিল শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট। তখনই সবাই মিলে সিদ্ধান্ত নেয়, নাটকটিতে অভিনয় করবে তারা। তারপর সবাই ঢুকে পড়ে শেক্সপিয়ারে।
মহড়া চলছে আর বিস্ময়ের পর বিস্ময় আমাদের মোহিত করছে। শেক্সপিয়ারের নাটক, কিন্তু চার শ বছরের বেশি সময় ধরে দাপটের সঙ্গে নাট্যজগৎকে মাতিয়ে রাখা যুক্তরাজ্যের স্ট্রাটফোর্ডের এই নাট্যকার কি কখনো কল্পনা করেছিলেন তাঁর নাটকে অভিনয় করবে প্রতিবন্ধী মানুষেরা? শুধু কি তাই! শারীরিক কষ্টকে উপেক্ষা করে কী অনায়াসেই না এরা বলে যাচ্ছে সংলাপ কিংবা ইশারা ভাষায় বুঝিয়ে দিচ্ছে অন্তরের অন্তস্তলের চাওয়া-পাওয়ার কথা?
না! দায়িত্ব নিয়ে বলতে পারি, নাট্যগুরুর কল্পনাতেও এটা ছিল না।
জেনি সিইলি, যিনি এ নাটকের নির্দেশক, তিনি নিজেও শ্রবণপ্রতিবন্ধী। ফলে কথা বলেন যখন, তখন শব্দগুলো ঠিকভাবে অন্যের কানে পৌঁছায় না। সে শূন্যতা পূরণ করেছেন জেনি ড্রপার। ইশারা ভাষায় জেনির সঙ্গে কথা বলে সেটা আবার বাঙালি একজন ইশারা ভাষার প্রশিক্ষককে বুঝিয়ে বলেন ড্রপার। প্রশিক্ষক সেটা বুঝিয়ে দেন অভিনয়শিল্পীদের। বেশ জটিল এক ধারাবাহিকতায় চলতে থাকে দৃশ্যের বুনন।
এই যে অন্য রকম রোমিও-জুলিয়েট মঞ্চে আসছে ২৮ ও ২৯ মার্চ, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশন করা হচ্ছে নাটকটি—এ এক অভূতপূর্ব ঘটনা। শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী এ বছরেই। নাট্যগুরুকে সম্মান জানিয়ে পৃথিবীর ১৩০টি দেশে তাঁর নাটকের অভিনয় হবে। দেশে অনুষ্ঠেয় নাটকগুলোর মধ্যে বাংলাদেশের ভিন্নরকম প্রযোজনাটি নজর কাড়বে শিল্পবোদ্ধাদের।
আগের কথা একটু বলে নেওয়া ভালো। ২০১২ সালে গ্লোব থিয়েটারের আমন্ত্রণে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকা থিয়েটার শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকটি মঞ্চস্থ করে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারে। সেটা ছিল শেক্সপিয়ারের ৪৫০তম জন্মজয়ন্তী উদ্যাপন। তার পরপরই ব্রিটিশ কাউন্সিলের তখনকার প্রোগ্রাম ডিরেক্টর রবিন ডেভিস নাসির উদ্দীন ইউসুফকে শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০ বছরে আরেকটি প্রযোজনা করার অনুরোধ করেছিলেন। কাকতালীয়ভাবে খ্যাতিমান সাহিত্যিক দেবেশ রায় রোমিও জুলিয়েট নাটকটি অনুবাদ করে নাসির উদ্দীন ইউসুফকে দেন। এর কিছুদিন পরই প্রতিবন্ধীদের দিয়ে নাটকটি করানোর ভাবনা মাথায় আসে নাসির উদ্দীন ইউসুফের। প্রস্তাবটি লুফে নেয় ব্রিটিশ কাউন্সিল। তাই ব্রিটিশ কাউন্সিল আর ঢাকা থিয়েটারের মিলিত প্রচেষ্টায় মঞ্চে আসছে ভিন্নরকম এই রোমিও জুলিয়েট।
মহড়ার অবসরে জেনি সেইলিকে পেয়ে যাই। জেনি লন্ডনের গ্রে আই থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর। তাঁকে জিজ্ঞেস করি, এই তরুণদের সঙ্গে কাজ করতে কেমন লাগছে? জেনি ড্রপারের মাধ্যমে প্রশ্নটা বুঝে নিয়ে সেইলি বললেন, ‘আমি খুব গর্বিত বোধ করছি এই অভিনয়শিল্পীদের নিয়ে। দারুণ এরা! এদের কেউ কোনো দিন অভিনয় করেনি। কিন্তু নাটকটি মঞ্চস্থ হওয়ার পর থেকে এরা সবাই হয়ে উঠবে অভিনয়শিল্পী।’
২৮ ও ২৯ মার্চে এক অন্য রকম শেক্সপিয়ারকে দেখার জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা।