যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট বলছে, বাংলাদেশের বক্ষব্যাধি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের ৯ শতাংশের শরীরে যক্ষ্মার জীবাণু শনাক্ত হচ্ছে। যদিও এসব রোগী অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে ভর্তি হয়। গত সপ্তাহে যক্ষ্মা নিয়ে প্রকাশিত চারটি প্রবন্ধের দ্বিতীয়টিতে ল্যানসেট এই তথ্য দিয়েছে।
অন্যদিকে গত ২৮ অক্টোবর প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মাবিষয়ক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, যক্ষ্মার প্রকোপ কমানোর যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, বাংলাদেশ তা পূরণ করতে পারেনি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি ভালো না। যক্ষ্মার ঝুঁকি থেকে দেশ বেরিয়ে আসতে পারছে না।
ল্যানসেট-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ‘ফাস্ট’ (ফাইন্ডিং টিবি কেসেস অ্যাকটিভলি, সেপারেটিং সেফলি, অ্যান্ড ট্রিটিং ইফেক্টিভলি) পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা ৯ শতাংশ রোগীর শরীরে যক্ষ্মার জীবাণু আছে। এরা এসেছিল অন্য রোগের চিকিৎসা নিতে।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘৯ শতাংশ রোগীর শরীরে যক্ষ্মার জীবাণু পাওয়া বিপজ্জনক। এর অর্থ, এরা নিজের ও চিকিৎসকের অজান্তেই যক্ষ্মার জীবাণু ছড়াচ্ছে। অন্যদিকে এদের ভুল চিকিৎসা হচ্ছে।’
রাশেদুল হাসান জানান, যক্ষ্মা ছাড়াও নিউমোনিয়া, অ্যাজমা, ক্রনিক ব্রংকাইটিস, ফুসফুসের ক্যানসার নিয়ে রোগীরা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়। ২০১৩-১৪ সালে এ রকম প্রায় এক হাজার রোগীর ওপর ফাস্ট পদ্ধতি ব্যবহার করে যক্ষ্মার জীবাণু শনাক্ত করা গেছে। এত দিন এ বিষয়টি চিকিৎসকদের নজরের বাইরে ছিল।
বিশেষজ্ঞদের অভিযোগ, সরকার বা এনজিওগুলোর পক্ষ থেকে যক্ষ্মার প্রাদুর্ভাব সম্পর্কে যে তথ্য দেওয়া হয়, বাস্তব পরিস্থিতি তার চেয়ে খারাপ।
বৈশ্বিক প্রতিবেদন: এদিকে ২৮ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবছরের মতো এবারও যক্ষ্মার বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) নির্ধারণের সময় ২০১৫ সালের মধ্যে যক্ষ্মায় আক্রান্ত, যক্ষ্মার প্রকোপ ও যক্ষ্মায় মৃত্যু কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, বাংলাদেশ তা অর্জন করতে পারেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পৃথিবীর ২২টি দেশে যক্ষ্মার প্রকোপ বেশি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ওপরের দিকে। দেশে গত বছর ১ লাখ ৮৭ হাজার নতুন নতুন রোগী শনাক্ত হয়েছে, এদের মধ্যে ৩ শতাংশ রোগীর বয়স ১৫ বছরের নিচে। অন্যদিকে দেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার জীবাণুতে (এমডিআর টিবি) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৯৪ জন, অথচ এদের মধ্যে চিকিৎসা নিচ্ছে ৯৪৫ জন। অর্থাৎ ৪৯ জন এমডিআর-টিবি রোগী চিকিৎসার বাইরে আছে।
প্রতিবেদনে ২০১৫ সালের মধ্যে ২২টি দেশের এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের চিত্র তুলে ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সময় বলা হয়েছিল, বাংলাদেশে নতুন রোগী শনাক্তের হার (প্রতি লাখে) বাড়িয়ে ১২০ করা হবে। বর্তমানে সেই হার ৫৩। ১৯৯০ সালে যক্ষ্মার
প্রকোপের হার ছিল ৫০৪ (প্রতি লাখে)। বলা হয়েছিল, এই হার কমিয়ে ২৫০ করা হবে। কিন্তু বর্তমানে তা ৪০২। অন্যদিকে যক্ষ্মায় মৃত্যুর হারও কমানোর লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। বছরে প্রতি লাখে ৮০ জনের মৃত্যু হতো যক্ষ্মায়। লক্ষ্যমাত্রা ছিল ৩০। বর্তমানে প্রতি লাখ মানুষের মধ্যে যক্ষ্মায় ৫১ জনের মৃত্যু হচ্ছে।
দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন করে ৩৫টি এনজিও। এদের নেতৃত্ব দেয় ব্র্যাক। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ঠিকভাবেই বাস্তবায়িত হচ্ছে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতির পার্থক্যের কারণে দেশের ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে পার্থক্য দেখা যাচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন যক্ষ্মা বিশেষজ্ঞ বলেছেন, যক্ষ্মা শনাক্ত করার ক্ষেত্রে এক্স-রে যন্ত্র গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্তসংখ্যক এক্স-রে যন্ত্র নেই। অন্যদিকে মাঠপর্যায়ে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নজরদারিও কম।