অন্য শান্তিরক্ষীদের কাছেও বিশিষ্ট বাংলাদেশের শান্তিরক্ষীরা

জাতিসংঘ শান্তি মিশনের অংশ হিসেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইবেরিয়ায় নয় বছর ধরে যেসব কার্যক্রম পরিচালনা করে আসছেন, তার প্রশংসা শুনেছি লাইবেরিয়ার সব জায়গায়। সাধারণ মানুষ, ছিন্নমূল পথশিশু, ছোট দোকানি, কৃষক, ভাড়ায় খাটা মোটরসাইকেলের চালক, চিকিৎসাপ্রার্থী নারী-পুরুষ, স্থানীয় সরকারের প্রতিনিধি, এমনকি লাইবেরীয় সেনাবাহিনীর কর্মকর্তার মুখেও শুনেছি বাংলাদেশের প্রশংসা।
দেশটির রাজধানী মনরোভিয়ায় আটলান্টিক মহাসাগরের তীরে ইউনাইটেড নেশনস মিশন ইন লাইবেরিয়ার (আনমিল) সদর দপ্তরে গিয়েও একই প্রশংসা শোনা গেল। আনমিলের অন্যতম শীর্ষ পদাধিকারী, ডিরেক্টর অব মিশন সাপোর্ট (ডিএমএস) হিউবার্ট প্রাইসের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত ছিল ১৯ জুন সকালে। সাক্ষাতের আগমুহূর্তে কথা হলো তাঁর মুখপাত্র পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আলিম সাদিকের সঙ্গে। প্রথম দর্শনে বাংলাদেশিদের ব্যাপারে কিছুটা উন্নাসিক মনে হলো তাঁকে। অবশ্য কিছু সময় পরেই পরিষ্কার হলো—উন্নাসিকতা নয়, ওটা ঈর্ষা। আনমিল সদর দপ্তরে বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্মতৎপরতার সর্বজনীন প্রশংসা এই ঈর্ষার কারণ হতে পারে। অবশ্য তার একটু আগেই আনমিলের ডেপুটি ফোর্স কমান্ডার, পাকিস্তানি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সাবির আলী লাইবেরিয়ায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ‘ওয়ান্ডারফুল পারফরম্যান্সের’ প্রশংসা না করে পারেননি। বিশেষত, সামরিক-বেসামরিক সহযোগিতার (সিভিল-মিলিটারি কো-অপারেশন বা সিমিক) ক্ষেত্রগুলোতে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা না করে তিনি নিজের বক্তব্য শেষ করতে পারছিলেন না। কারণ, সিমিক কর্মকাণ্ডে বাংলাদেশের সাফল্য লাইবেরিয়ায় শান্তিরক্ষার মিশনে দায়িত্ব পালনরত সব দেশের প্রতিনিধিদের মধ্যেই আলোচিত বিষয়। আনমিল সদর দপ্তরে ফিলিপিনো, ভারতীয়, বলিভিয়ান, ইয়েমেনিসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিত্বকারী দাপ্তরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও সেটা বোঝা গেল।
আনমিলের ফোর্স কমান্ডার কেনীয় সেনাবাহিনীর মেজর জেনারেল লিওনার্দ এনগন্দি, আনমিলের চিফ অব স্টাফ আমেরিকান জেনারেল ভ্যান রোজেন ও ডিরেক্টর অব মিশন সাপোর্ট হিউবার্ট প্রাইসের সঙ্গে পৃথক সাক্ষাতে আমরা তাঁদের মুখে বাংলাদেশের যেসব প্রশংসা শুনলাম, তাতে মন ভরে গেছে। গর্বে ফুলে উঠেছে বুক।
আনমিল ডিএমএস হিউবার্ট প্রাইস বললেন, ‘বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সেই প্রথম অংশ, যারা সবার আগে এগিয়ে এসেছে লাইবেরিয়ার মানুষকে সহযোগিতা করতে। লাইবেরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে শান্তি-সমঝোতা স্থাপনের একদম প্রাথমিক পর্যায়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা ছিল এক কথায় অসাধারণ।’
যুদ্ধবিধ্বস্ত লাইবেরিয়ার রাস্তাঘাট, সেতু-কালভার্ট তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীকে চাষবাস শেখানো থেকে শুরু করে নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া, দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোর দুস্থ-দরিদ্র মানুষদের চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেওয়াসহ নানা কর্মকাণ্ডের উল্লেখ করে ডিএমএস হিউবার্ট প্রাইস বললেন, ‘এটা বেশ প্রশংসনীয় বিষয় যে বাংলাদেশের সৈনিক, প্রকৌশলী ও চিকিৎসক এসব করেছেন।’
লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশন শুরু হয় ২০০৩ সালের শেষ দিকে। বাংলাদেশের তিনটি পদাতিক ব্যাটালিয়ন মিশনে যোগ দেয় ২০০৪ সালে। তখন থেকে এ পর্যন্ত ওই মিশনে অংশ নিয়েছেন পদাতিক, প্রকৌশলী ও চিকিৎসক মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মোট সাড়ে ২১ হাজার শান্তিরক্ষী। লাইবেরিয়া এখন শান্ত, কোনো সহিংসতা নেই। তাই জাতিসংঘ শান্তি মিশন পর্যায়ক্রমে গুটিয়ে নেওয়া হচ্ছে। অধিকাংশ পদাতিক ব্যাটালিয়ন নিজ নিজ দেশে ফেরত গেছে। বাংলাদেশের একটি পদাতিক ব্যাটালিয়ন এখনো রয়েছে, যার সদস্যসংখ্যা ৭৩৮। অবশ্য তাদেরও দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।
আনমিলের চিফ অব স্টাফ জেনারেল ভ্যান রোজেনকে জিজ্ঞাসা করেছিলাম, অন্যান্য দেশের শান্তিরক্ষীদের থেকে বাংলাদেশের শান্তিরক্ষীদের পার্থক্য কিসে? জেনারেল এক বাক্যে বললেন, ‘দে আর এক্সেলেন্ট উইথ রুর্যাল কমিউনিটিজ!’ বাংলাদেশি শান্তিরক্ষীরা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে একাত্ম হয়ে যান খুব তাড়াতাড়ি। তিনি আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে উল্লেখ করলেন: লাইবেরিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর সেবামূলক কাজের জন্য বাংলাদেশের শান্তিরক্ষীদের জাতিসংঘ অর্থ দেয় না, বাংলাদেশের সরকার নিজের অর্থ ব্যয় করে।
মনরোভিয়ায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ২০ পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মইনুল হাসানের কাছে শুনলাম দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষের মন জয় করার কিছু কাহিনি। বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইবেরিয়ার দুস্থ মানুষের কাছে প্রথমেই যান চিকিৎসাসেবা নিয়ে। কর্নেল মইনুল বললেন, ‘আমাদের সৈনিকদের বেঁচে যাওয়া ওষুধ আমরা এখানকার গরিব রোগীদের মধ্যে বিতরণ করেছি। আমরা বাংলাদেশে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে বিনা পয়সায় অনেক ওষুধ দান হিসেবে নিয়ে এসেছি এই দেশের গরিব মানুষের জন্য। শান্তিরক্ষীদের জন্য আমাদের যেসব চিকিৎসক আছেন, তাঁরা দূর-দূরান্তের সাধারণ রোগীদের চিকিৎসা দিয়েছেন। এমন অনেক দুর্গম প্রত্যন্ত অঞ্চল আছে, যেখানকার মানুষ কোনো দিন চিকিৎসক বা ওষুধ দেখেনি। আমরা সেসব অঞ্চলে গিয়ে মেডিকেল আউটরিচ করেছি।’
কর্নেল মইনুল আরও বললেন, লাইবেরিয়ার কিশোর-তরুণদের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। তাই তিনি একবার বাংলাদেশে গিয়ে ৩৫০টি ফুটবল কিনে এনে এখানে বিতরণ করেছেন। স্থানীয় কিশোর-তরুণদের মধ্যে ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণের কথাও শুনেছি দুই দিন আগে।
যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, জাতি-গোষ্ঠীগত সহিংসতাসহ যেসব ধ্বংসাত্মক ঘটনা কোনো দেশ ও সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে দেয়, স্থায়ীভাবে সেগুলোর অবসান ঘটানো অত্যন্ত কঠিন। লাইবেরিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ শান্তি মিশনসহ জাতিসংঘের আরও ১৬টি সংস্থা কাজ করছে এক দশক ধরে। এই বিরাট কর্মযজ্ঞের প্রাথমিক পর্যায় থেকেই এক গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। বাংলাদেশের শান্তিরক্ষীরা শুধু যে লাইবেরিয়ার আপামর জনসাধারণের মধ্যে স্বদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তা-ই নয়, জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের শান্তিরক্ষীদের মধ্যেও মর্যাদার বিশেষ স্থান অর্জন করেছেন।