অন্য সংগঠনের অনুষ্ঠানে যাওয়ায়...
মহান মে দিবসে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে যোগ দেওয়ায় সিলেটের কালাগুল চা-বাগানের আটজন শ্রমিকের চাকরি স্থগিত করেছে বাগান কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ তাঁদের ১৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। কালাগুল চা-বাগানের শ্রমিক ও ব্যবস্থাপক প্রবীর কুমার বর্মা জানান, বাগানের পঞ্চায়েত কমিটিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের চা-শ্রমিক সংঘের আধিপত্য। পয়লা মে বুধবার সিলেট নগরের কোর্ট পয়েন্টে সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সেখানে যোগ দেন কালাগুল চা-বাগানের পঞ্চায়েত কমিটির নেতাসহ চা-বাগানের অনেক শ্রমিক। কিন্তু অনুপ নায়েক, নেভেন নায়েক, নিত্যলাল তন্তরাই, নিবেদন গাটুয়ার ও অঞ্জনা নায়েকের নেতৃত্বে বাগানের একদল শ্রমিক মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে যোগ দেন। বিষয়টি ভালোভাবে নেয়নি বাগান পঞ্চায়েত কমিটি।নিত্যলাল তন্তরাই জানান, গত বৃহস্পতিবার কাজ শেষে সন্ধ্যায় বাগান ব্যবস্থাপক প্রবীর তাঁদের ১৬ জনকে ডেকে শ্রীমঙ্গল যাওয়ার কারণ জানতে চান। শ্রমিকেরা মে দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানালে প্রবীর ‘চাকরি নেই’ বলে শুক্রবার থেকে কাজে আসতে নিষেধ করেন। নিত্যলালের অভিযোগ অস্বীকার করে প্রবীর কুমার বর্মা বলেন, বৃহস্পতিবার সকালে বাগান পঞ্চায়েত কমিটির নেতারা এসে জানান, বাগানের আট শ্রমিক নিজেদের অনুষ্ঠানের পরিবর্তে শ্রীমঙ্গলে অন্যদের অনুষ্ঠানে যোগ দিয়ে বাগানের সাধারণ চা-শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। তাই ওই শ্রমিকদের শাস্তি হওয়া উচিত। এর পর আট শ্রমিকের চাকরি স্থগিত করা হয়। কাল রোববার তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পঞ্চায়েত কমিটি।