অন্যকে ফাঁসাতে গিয়ে...
পাঁচ লাখ টাকা না দিলে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছিলেন তিনি। একই হুমকি দিয়েছিলেন বেসরকারি সংগঠন জাগো ফাউন্ডেশনকেও। ইমেইলে পাঠানো এই দুটো বার্তায় তিনি জুড়ে দিয়েছিলেন এক পাওনাদারের মুঠোফোন ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। উদ্দেশ্য ছিল পাওনাদারকে হয়রানি করা।
তবে অন্যকে ফাঁসাতে গিয়ে তিনি নিজেই ফেঁসে গেছেন। ধরা পড়েছেন পুলিশের হাতে। এই ব্যক্তির নাম তৌসিফ হোসেন ওরফে সীমান্ত (২৮)। তাঁর বাড়ি টাঙ্গাইলের দীঘলিয়ায়। বনশ্রীতে মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। তিনি এক সময় দুটো ই-কমার্স সাইটে ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। তৌসিফের বাবা জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অস্ট্রেলিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে নুরুল হক মুন্না নামের এক যুবকের কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলেন তৌসিফ। এর পর তিনি উধাও হয়ে যান। একপর্যায়ে নুরুল হক তাঁকে (তৌসিফ) প্রতারক আখ্যা দিয়ে ফেসবুকে প্রচারণা চালানো করেন। তখন নুরুল হকের মুঠোফোন ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে ইমেইলে ওই দুটি হুমকি পাঠান তৌসিফ। অভিযোগ রয়েছে, এর আগে তৌসিফ এক নারীর নাম দিয়ে ভুয়া আইডি খুলে নুরুল হক ওই নারীকে টাকার জন্য হুমকি দিচ্ছেন এমন অভিযোগ এনে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্টও দেন তৌসিফ। এমনকি জঙ্গি সংগঠনের নামের আদলে আরবি নাম দিয়ে ফেসবুকে আরেকটি আইডি খুলে সেখানে নুরুল হকের ছবি দিয়ে তাকে জঙ্গি সংগ্রাহক হিসেবে প্রচারণা চালান।
ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বনশ্রী এলাকা থেকে তৌসিফকে গ্রেপ্তার করে।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, হুমকির পর অস্ট্রেলিয়ান হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তদন্ত শুরু করেন। তদন্তে তৌসিফের জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সূত্র জানায়, ‘জেসমিন আহমেদ’ নামের একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে অস্ট্রেলিয়ান হাইকমিশনে পাঠানো বার্তায় বলা হয়, ‘আমরা ঢাকার গুলশানে আছি। তোমাদের অ্যাম্বাসেডরের দিকে আমাদের নজর রয়েছে বলে নিশ্চিত করছি। আমরা কোনো ধরনের ঝামেলা চাই না। শিগগির আমাদের ৫ লাখ বাংলাদেশি টাকা দিয়ে দাও। আমরা কিছু করব না। তা না হলে গুলশানে তোমাদের অ্যাম্বাসিতে একটি বড় ধরনের বিস্ফোরণ হবে।’ ইমেইলের নিচে নুরুল হকের ফোন এবং অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা পাঠানোর পর ফোন বা ইমেইলে বিষয়টি তাদের জানাতে বলা হয়।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ থেকে স্নাতক পাশ করা নুরুল হক প্রথম আলোকে বলেন, একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতায় প্রথম হয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় মাস ছয়েকের জন্য পড়তে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিভিন্ন দিকে খোঁজ খবর নেওয়া শুরু করেন। তখন ফেসবুকে ‘ট্রান্স ওয়ার্ল্ড ভিসা কাউন্সিল’ একটি এজেন্সির খোঁজ পান তিনি। সেখানে যোগাযোগ করতে গিয়েই পরিচয় হয় তৌসিফ হোসেনের সঙ্গে। তিনি নিজেকে ওই এজেন্সির মালিক বলে পরিচয় দেন এবং রাজধানীর গ্রিন রোডের একটি ভবনের সাত তলায় তাঁর কার্যালয় বলে জানান। নুরুল হক দাবি করেন, ওই কার্যালয়ে গিয়ে দুই দফায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তৌসিফকে এক লাখ ৮০ হাজার টাকা দেন। নুরুলের অভিযোগ, টাকা নেওয়ার পরই উধাও হয়ে যান তৌসিফ।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান শুক্রবার প্রথম আলোকে বলেন, তৌসিফের বিরুদ্ধে গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।