অন্যকে ফাঁসাতে গিয়ে কারাগারে
নীলফামারীর ডিমলা উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়ের বাবাকে মাদক মামলায় ফাঁসাতে যান জেনারুল ইসলাম (৩০) নামের এক যুবক। কিন্তু উল্টো জেনারুল নিজেই গতকাল শুক্রবার মাদক মামলায় কারাগারে গেছেন।
জেনারুল উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের জনক।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জেনারুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের এক নেতার মেয়েকে (এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী) প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু মেয়ে ও মেয়ের পরিবার এতে রাজি ছিল না। এ কারণে মেয়ের বাবাকে ফাঁসাতে তাঁর বাড়িতে মাদকদ্রব্য রেখে পুলিশে খবর দেন জেনারুল। পুলিশ তাঁর অভিযোগ অনুযায়ী মেয়ের বাবার বাড়ি থেকে মাদক জব্দ করে। পরে মেয়ে ও তার পরিবারের অভিযোগ খতিয়ে দেখে উল্টো জেনারুলকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) সাহবুদ্দিন আহম্মেদ বলেন, জেনারুল গত বুধবার রাতে অভিযোগ করেন, ওই ব্যক্তি (মেয়ের বাবা) মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বাড়িতে ইয়াবা বড়ি ও গাঁজা রয়েছে। জেনারুলের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ির বিছানার নিচ থেকে ২৫টি ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। এ ঘটনার পর ওই কলেজছাত্রী বৃহস্পতিবার সকালে থানায় এসে জেনারুলের বিরুদ্ধে অভিযোগ করলে ওই দিন দুপুরে কৌশলে তাঁকে গ্রেপ্তার করা হয়।।
এএসপি (সদর সার্কেল) ফিরোজ কবীর বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী ও জেনারুলকে থানায় মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জেনারুল বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়ে ও মেয়ের বাবাকে ফাঁসাতে ওই কৌশল অবলম্বন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে জেনারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।