অন্যকে ফাঁসাতেই মাসুদ হত্যা
বগুড়ার শেরপুর উপজেলার কাফুড়া পূর্বপাড়া গ্রামের কিশোর আল মাসুদ (১৬) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মোস্তফা কামাল (২০) ও নূরুল ইসলাম (৩৬)।
বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদের আদালতে গ্রেপ্তার হওয়া কামাল ও নূরুল ওই জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা গত বুধবার সন্ধ্যায় জবানবন্দি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু জাররা জানান, গত রোববার কাফুড়া পূর্বপাড়া গ্রামের মাতবর আবদুর রশিদের ছেলে কামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, গ্রামের আরফান আলী জায়দারের ছেলে নূরুল ইসলামকে তিনি বড় ভাইয়ের মতো মানেন। বড় ভাই গোলাম হোসেনের সঙ্গে নূরুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গ্রামে সালিস ডাকা হয়। কিন্তু গ্রামের মাতবর জিয়াউর রহমানের সঙ্গে গোলাম হোসেনের ভালো সম্পর্ক থাকায় সালিসেই গোলাম হোসেনের তিন ছেলে নূরুল ইসলামের গলা টিপে ধরে। তারা জিয়াউরের প্রতিপক্ষ ও কামালের বাবা মাতবর রশিদকে হুমকিও দেয়। এর পরই কামাল ও নূরুল ইসলাম মিলে গোলাম হোসেন ও মাতবর জিয়াউরকে ফাঁসানোর পরিকল্পনা করে। গ্রামে মাদকাসক্ত হিসেবে পরিচিত আলমগীর হোসেনের ছেলে মাসুদকে ফেনসিডিলের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে তাঁরা লাশ জিয়াউরের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেয়।
অপরদিকে মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে নূরুল ইসলাম বলেন, গত রমজান মাসে মাসুদ তাঁর মুঠোফোন চুরি করে। তখন থেকেই ছেলেটিকে তিনি সায়েস্তা করতে চাচ্ছিলেন। বিরোধের জের ধরে তাঁর বড় ভাই ও জিয়াউরকে ফাঁসাতে কামাল ও তিনি মিলে মাসুদকে হত্যা করেন।
তদন্ত কর্মকর্তা আরও জানান, গত শনি ও সোমবার পুলিশ কামাল ও নূরুল ইসলামকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘শেরপুরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে কিশোরের লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।