অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই বেওয়ারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্ঘটনা ঠিকই আঁচ করতে পেরেছেন এই ট্রেনটির যাত্রীরা। পাশেই পড়ে থাকা এই কলার ঝাঁপির মালিকও মারা গেছেন দুর্ঘটনায়। গতকাল সকাল সোয়া নয়টায় কারওয়ান বাজার রেললাইন থেকে তোলা ছবি l মো. শাহীদুজ্জামান
কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দুর্ঘটনা ঠিকই আঁচ করতে পেরেছেন এই ট্রেনটির যাত্রীরা। পাশেই পড়ে থাকা এই কলার ঝাঁপির মালিকও মারা গেছেন দুর্ঘটনায়। গতকাল সকাল সোয়া নয়টায় কারওয়ান বাজার রেললাইন থেকে তোলা ছবি l মো. শাহীদুজ্জামান

রাজধানীর কারওয়ান বাজার ভূগর্ভস্থ রাস্তা ফুঁড়ে প্রথম আলো কার্যালয়ে এগোতেই গতকাল সকাল নয়টার দিকে শোনা গেল শোরগোল। লোকজন ছুটছেন রেললাইনের দিকে। কেউ কেউ বলছেন হাত-পা বিচ্ছিন্ন ১১-১২ জন নারী-পুরুষ রেললাইনের ওপর কাতরাচ্ছেন। ঘটনাস্থল তেজগাঁও এফডিসি-সোনারগাঁও হোটেল সড়কের রেলক্রসিং থেকে কয়েক মিটার উত্তরে, পাইকারি মাছ বাজারের সামনের রেললাইন।


ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, মানুষের ভিড়। ভিড় দুটি স্থানকে কেন্দ্র করে। একটি স্থানে এক ঝাঁপি পাকা কলা। তার চারপাশ ঘিরে মানুষের ভিড়। ঝাঁপির ওপর একটি গামছা পেঁচিয়ে কুণ্ডলী করে রাখা। কিছুক্ষণ আগেই বিক্রেতা এটি নামিয়েছেন। উপস্থিত লোকজনের কাছে জানা গেল, কলার ঝাঁপি বহনকারী ওই ব্যক্তি (নামা জানা যায়নি) রক্ষা করতে চেয়েছিলেন দুর্ঘটনার শিকার নারীদের। কিন্তু কোন ফাঁকে তিনি নিজেই ট্রেনের বাড়ি খেয়ে মারা গেছেন। একটু দূরে লোকজনের আরেকটি জটলা। সেখানে পড়ে আছে তাঁর মৃতদেহ।


ঘটনাস্থলে ছিলেন মাছ ব্যবসার সঙ্গে যুক্ত আমিরুল ইসলাম নামের এক তরুণ। তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন যমুনার ছুটে আসা দেখে রেললাইনে কেনাবেচায় ব্যস্ত নারী-পুরুষেরা হুড়মুড় করে পশ্চিম পাশের লাইন ছেড়ে পূর্ব পাশের লাইনে গিয়ে ওঠেন। কিন্তু মুহূর্তেই ওই লাইনে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী আন্তনগর ট্রেনটি এসে পড়ে। এক ট্রেনকে পাশ দিয়ে দেহে ভারসাম্য ফিরিয়ে আনতে না-আনতেই আরেক ট্রেন। যে যেভাবে পারেন ধাক্কা দিয়ে কয়েকজনকে রক্ষা করলেও নারীসহ কয়েকজন দুই ট্রেনের মাঝখানের সরু জায়গায় আটকে পড়েন। ট্রেন চলে যাওয়ার পর দেখা যায়, ৮-৯ জন মাটিতে পড়ে আছেন।


আমিরুল প্রথম আলোকে বলেন, কলার ঝাঁপি মাথায় নিয়ে ওই ব্যক্তি রেললাইন ধরে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হাঁটছিলেন। ঘটনা দেখে তিনি ঝাঁপি রেখে কয়েকজন নারীকে রক্ষা করতে ছুটে যান। তারপর তো নিজেই মারা গেলেন। উপস্থিত লোকজন কলা বিক্রেতার নিথর দেহ রেললাইনের পাশে নিয়ে রাখেন।
গতকাল রাত নয়টা পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মরদেহও অন্যদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।