অন্যকে সাজা খাটতে পাঠিয়ে বিদেশ পাড়ি, অবশেষে কারাগারে

মুন্সিগঞ্জের একটি ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদণ্ড হয়েছিল জামাল শেখের (৫২)। কিন্তু প্রায় তিন বছর ধরে সেই সাজা খাটছেন নাসির উদ্দিন নামের অপর এক ব্যক্তি। আর প্রকৃত দণ্ডিত জামাল চলে গিয়েছিলেন বিদেশে, দেশে ফেরার পর শেষ পর্যন্ত তাঁকে কারাগারেই যেতে হলো।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ গত বুধবার গভীর রাতে পূর্ব নাখালপাড়ার ভাড়া বাসা থেকে জামাল শেখকে গ্রেপ্তার করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামালকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। জামাল জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক লোক জোগাড় করে দিতেন।
পুলিশ জানায়, জামালের কাছ থেকে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। দুটি পাসপোর্টেই তাঁর ছবি থাকলেও একটিতে নাম জামাল শেখ, অন্যটিতে কামাল শেখ। তিনি কামাল শেখ নামের পাসপোর্ট ব্যবহার করে ওমান গেছেন এবং সেখান থেকে দেশে ফিরেছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, জামাল শেখের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। ২০০৫ সালে তিনি তাঁর এক আত্মীয়াকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। ওই মামলার রায়ে ২০১১ সালে মুন্সিগঞ্জের আদালত পলাতক জামাল শেখকে ১০ বছর কারাদণ্ডাদেশ দেন। এদিকে জামাল শেখ তাঁর হয়ে তিন মাস সাজা খাটার জন্য পাঁচ লাখ টাকায় রাজি করান নোয়াখালীর বেগমগঞ্জের নাসির উদ্দিনকে। শর্ত ছিল, তিন মাস পর তিনি নাসিরকে জামিনে কারাগার থেকে মুক্ত করে আনবেন। রায় হওয়ার কিছুদিন পর ওই টাকা পেয়ে এবং জামিনে মুক্ত করার আশ্বাসে নাসির মুন্সিগঞ্জের আদালতে জামাল শেখ পরিচয়ে আত্মসমর্পণ করেন। আদালত নাসিরকে কারাগারে পাঠিয়ে দেন। তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। নাসির কারাগারে যাওয়ার পর জামাল শেখ ওমানে চলে যান। সেখান থেকে তিনি সম্প্রতি দেশে ফিরে আত্মগোপনে থাকেন। একপর্যায়ে তিনি সপরিবারে পূর্ব নাখালপাড়ার ভাড়া বাসায় ওঠেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, কাগজে-কলমে জামাল শেখ সাজা খাটলেও বাস্তবে তাঁর হয়ে প্রায় তিন বছর ধরে সাজা খাটছেন নাসির। পুলিশ তদন্ত করে বিষয়টি উদ্ঘাটন করেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রকৃত দণ্ডিত জামালকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার তদন্ত প্রতিবেদন মুন্সিগঞ্জের আদালতে পাঠানো হবে, যাতে করে নির্দোষ নাসির কারাগার থেকে বের হতে পারেন।