ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বসু হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি বকুল মাতুব্বরকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার বি মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।বকুল আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি গত বছর ২২ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিহত মলয় বসুর কাছে পরাজিত হন।গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক প্রথম আলোকে বলেন, মলয় হত্যাকাণ্ডের পর বকুল তাঁর শ্বশুরবাড়ির দূরসম্পর্কিত আত্মীয় বি মির্জাপুর গ্রামের মো. মামুনের বাড়িতে আত্মগোপন করেছিলেন। পুলিশ সদর দপ্তরের সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে বকুলকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মলয় হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র উদ্ধারে গতকাল সকাল থেকে বকুলকে নিয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ কর্মকর্তা বিজয় বসাক বলেন, বকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।