অন্যতম আসামি জাকারিয়া গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবদুল বাকি মির্জা হত্যা মামলার অন্যতম আসামি জাকারিয়া মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। জাকারিয়া একটি ওষুধ কোম্পানির স্থানীয় কর্মকর্তা হিসেবে চাকরি করেন। এর আগে গ্রেপ্তার হওয়া রুহুল আমিন ও তাঁর সাবেক স্ত্রী ওয়াশীমা খাতুন এশার কাছ থেকে জাকারিয়ার নাম বেরিয়ে আসে।গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জে সংবাদ সম্মেলনে জাকারিয়াকে সাংবাদিকদের সামনে হাজির করে র্যাব। এ সময় জাকারিয়া সাংবাদিকদের জানান, এই হত্যাকাণ্ডে তিনিসহ মোট পাঁচজন অংশ নেন। এর মধ্যে রয়েছেন রহুল আমিন ও তাঁর খালাতো ভাই মামুন ও কিরণ। অপর একজনকে তিনি চেনেন না। তিনি জানান, এই হত্যাকাণ্ডের পেছনে সিরাজগঞ্জের একটি হাসপাতালের স্বত্বাধিকারী এক চিকিৎসক জড়িত। একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে নিহত বাকি মির্জার অর্থ লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। এই হত্যার জন্য তিনি জাকারিয়াকে এক লাখ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এ ছাড়া জাকারিয়া বাকি মির্জার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। বাকি মির্জাকে হত্যা করলে ওই ধার পরিশোধের হাত থেকে তিনি মুক্তি পাবেন বিধায় তিনি হত্যাকাণ্ডে আরও উৎসাহী হয়ে ওঠেন। সেই সঙ্গে ওয়াশীমার সঙ্গে বাকি মির্জার সম্পর্কের কারণেও রুহুল তাঁর প্রতি ক্ষিপ্ত ছিলেন।র্যাব পরে জাকারিয়াকে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করে।মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গতকাল দুপুরে জাকারিয়াকে জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই চিকিৎসক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গত ১৫ এপ্রিল দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সরকারি ডরমেটরি থেকে বাকি মির্জার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওয়াশীমাকে আটক করা হয়।