অন্যতম সেরা কলেজ এখনো তালিকা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বোর্ডের অন্যতম সেরা চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ মন্ত্রণালয় থেকে দেওয়া ভর্তির চূড়ান্ত শিক্ষার্থীর তালিকা এখনো পায়নি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ হতাশায় রয়েছেন।
বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে বোর্ড থেকে জানানো হয়। ভর্তির জন্য যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে তাদের মধ্য থেকে ভর্তি করার কথা জানায় বোর্ড।
কলেজ সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে ৩০০ আসনের জন্য ৬৯৯ জন, ব্যবসায় শিক্ষায় ৩০০ আসনের জন্য ৬৮১ জন ও মানবিক বিভাগে ১০৫টি আসনের জন্য ৩৭৫ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত বিজ্ঞান বিভাগে ২০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০০ ও মানবিক বিভাগে ১৫০ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
কলেজের অফিস সহকারী আবুল ফারাহ বলেন, সোমবার সারা দিন ওয়েবসাইট থেকে তালিকা না পেয়ে সন্ধ্যায় বোর্ডের কলেজ পরিদর্শক তরুণ কান্তির সঙ্গে কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করে। তরুণ কান্তি বিষয়টি নিয়ে কলেজের সিস্টেম এনালিস্ট বিকাশ পালের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিকাশ পাল কলেজে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন তাদের একটি তালিকা দেন এবং সে অনুযায়ী ভর্তিপ্রক্রিয়া চালাতে বলেন।
কলেজের পাঁচজন শিক্ষক অভিযোগ করে বলেন, ওয়েবসাইট থেকে চূড়ান্ত শিক্ষার্থীর তালিকা নিতে পারলে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি করানো যেত। কলেজের অধ্যক্ষ আলমগীর কবির পাটওয়ারী জানান, ভর্তির বিড়ম্বনায় শিক্ষার্থী, অভিভাবক ও তাঁরা হতাশ হয়ে পড়েছেন। উপায়ন্তর না দেখে কুমিল্লা বোর্ডের নির্দেশনা মোতাবেক এখন ভর্তিপ্রক্রিয়া চলছে।