নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষক, শ্রেণিকক্ষ ও বসার বেঞ্চসংকটে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। অথচ ২০১৪ সালে বিদ্যালয়টি উপজেলার সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়ন সদরে ১৯৫৬ সালে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। ১৯৬২ সালে একাডেমিক স্বীকৃতি পায়। বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা পোশাক। এ ছাড়া শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়মুখী করতে এক দিন অনুপস্থিতির জন্য পাঁচ টাকা করে জরিমানা করা হয়। আদায়কৃত টাকা বিদ্যালয়ে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উৎসাহ পুরস্কার দেওয়া হয়। তবে যুক্তিসংগত ও অভিভাবকের মাধ্যমে ছুটি নিলে জরিমানা দিতে হয় না। বিদ্যালয়টিতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, গার্লস গাইড, স্কাউট, ক্রিকেট ও ফুটবল খেলা চলে নিয়মিত।
বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে ছাত্রী ৫৬৮ জন। শিক্ষার্থীদের বসার জন্য ৩৮৫ জোড়া বেঞ্চ (প্রতি বেঞ্চে চারজন করে) দরকার হলেও রয়েছে ২৫০ জোড়া। একটি দ্বিতল ও একটি একতলা পাকা ভবনের ১২টি কক্ষে গাদাগদি করে চলে পাঠদান। শিক্ষার্থী অনুপাতে ৩২ জন শিক্ষক (প্রতি ৫০ জন ছাত্রের জন্য একজন) দরকার হলেও ২৩ জন শিক্ষক দিয়ে পাঠদান হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ১৯টি শাখায় (প্রতি শাখায় ৮০-৮৫ জন ছাত্র রয়েছে) দুই শিফটে পাঠদান চলছে। ইতিমধ্যে বিদ্যালয়ের সবেতনে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম বিষয়ে শিক্ষক না থাকায় প্রধান শিক্ষক নিজেই ক্লাস নেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের বাড়তি ক্লাসগুলো নিতে সকাল আটটা থেকে তাঁদের শিফট শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। শ্রেণিকক্ষসহ শিক্ষক সংখ্যা বাড়ানো হলে শিক্ষার গুণগত মান বাড়ানো যাবে।
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির চারদিকে দেয়ালঘেরা। দুই পাশে দুটি ফটক রয়েছে। এক পাশে দ্বিতল ভবন, অন্য পাশে একতলা ভবন (এর ওপর টিনশেডের আরেকটি ঘর)। পাশেই একটি (৯০ বাই ৩০ ফুট) পরিত্যক্ত একাডেমিক ভবন। তার একটি কক্ষ ছাত্রীদের বিশ্রামাগার বানানো হয়েছে। বিজ্ঞানাগার ভবনটিও পরিত্যক্ত। একতলা পাকা ভবনের সব কটি কক্ষ প্রধান শিক্ষক, শিক্ষকদের অফিস, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্বিতল ভবনের ১২টি কক্ষে শিফটিং পদ্ধতিতে চলে পাঠদান।
গত তিন বছরের এসএসসি ও জেএসসির ফলাফলে দেখা গেছে, ২০১৪ সালে ১৪১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩৯ জন, ২০১৫ সালে ১৪১ জনে পাস করেছে ১৩৪ জন ও ২০১৬ সালে ১২৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১৮ জন। জেএসসিতে ২০১৪ সালে ২১০ জন অংশ নিয়ে পাস করেছে ১৭৬ জন, ২০১৫ সালে ২৮০ জনের স্থলে পাস করেছে ২৭২ জন এবং ২০১৬ সালে ২৩১ জনের স্থলে পাস করেছে ২২৩ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন মণ্ডল বলেন, অনেকটা প্রতিকূল পরিবেশে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও বসার বেঞ্চস্বল্পতায় সকাল আটটা থেকে শিফটিং পদ্ধতিতে পাঠদান চলে। একটি ভবনের ওপরে টিনশেড আরেকটি ঘর নির্মাণ করা গেলেও আর্থিক সংকটে বেঞ্চ তৈরি করা যায়নি। কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার সংকটে আধুনিক শিক্ষাব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিদ্যালয়টিতে শিক্ষার ভালো পরিবেশ ও ফলাফলের কারণে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার বলেন, বিদ্যালয়টির নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের আন্তরিকতার কারণে পড়ালেখার মান ভালো।