অন্যতম 'ইন্ধনদাতা' জাহাঙ্গীর আবারও ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার অন্যতম ‘ইন্ধনদাতা’ জাহাঙ্গীর আলমের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে পুলিশ জাহাঙ্গীরকে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে হাজির করে। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
জাহাঙ্গীর আলমকে গত ২৮ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে ছিলেন জাহাঙ্গীর।
জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় বাজারে আল আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিও নামের এক প্রতিষ্ঠানের মালিক। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হরিপুর ইউপির আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের পক্ষে তিনি কাজ করেছেন।
নাসিরনগরে হামলার ঘটনায় শুরু থেকে অভিযোগ ওঠে, জাহাঙ্গীর তাঁর প্রতিষ্ঠান থেকে ফেসবুকে পোস্ট করা রসরাজের কথিত ধর্ম অবমাননাকর ছবিটি প্রিন্ট করে লিফলেট আকারে এলাকায় বিতরণ করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও অভিযোগও ওঠে, রসরাজের ফেসবুক আইডি থেকে তিনিই ছবিটি পোস্ট করেছিলেন।