অন্যতম 'পরিকল্পনাকারী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সবুর
আবদুস সবুর

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যার অন্যতম ‘পরিকল্পনাকারী’ মো. আবদুস সবুর নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ বলছে, ৩ সেপ্টেম্বর টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে আবদুস সবুরকে গ্রেপ্তার করা হয়। তিনি কেবল প্রকাশক দীপন হত্যায়ই নন, প্রকাশক (শুদ্ধস্বরের স্বত্বাধিকারী) আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টারও অন্যতম পরিকল্পনাকারী। আহমেদুর রহমান হত্যা চেষ্টার মামলায় গতকাল সবুরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুস সবুর প্রকাশক আহমেদুর রশীদকে হত্যার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত ১৯ মে ডিএমপি আবদুস সবুরকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। আবদুস সবুর আনসারুল্লাহ বাংলা টিমে আবদুস সামাদ, সুজন, রাজু ও সাদ নামে পরিচিত ছিল। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি পুরান ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এখন আবদুস সবুরকে আহমেদুর রশীদ হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করছি। কিন্তু সবুর লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং প্রকাশক দীপন হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি পর্বে যুক্ত ছিল। মাদ্রাসা থেকে পাস করা সবুরের মূল কাজ ছিল ধর্মের অপব্যাখ্যা করে তরুণদের বিপথগামী করা।’
মনিরুল বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের একজন আধ্যাত্মিক গুরু আছেন। এর বাইরেও দুজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা আছেন। তাঁদের একজন বিদেশ থেকে, অপরজন দেশ থেকে নির্দেশনা দিয়ে থাকেন।
মনিরুল বলেন, গুলশান ও শোলাকিয়ায় যেসব তরুণ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের চেয়ে বড় অপরাধী যারা ওই হত্যাকাণ্ডে তাদের উদ্বুদ্ধ করে। সেদিক থেকে আবদুস সবুর বড় অপরাধী। সে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না ঠিকই, কিন্তু সব রকমভাবে হত্যায় উৎসাহ জুগিয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৫ জুন বিমানবন্দর এলাকা থেকে প্রকাশক আহমেদুর রশীদকে হত্যার চেষ্টায় সরাসরি অংশগ্রহণকারী আসামি মো. সুমন হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে প্রকাশক দীপন হত্যায় জড়িত আসামি মইনুল হাসান শামীমকে এবং পরে তাঁদের দুজনের কথার ভিত্তিতে আবদুস সবুরকে গ্রেপ্তার করা হয়। আবদুস সবুর রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে আনসারুল্লাহর একটি আস্তানায় প্রশিক্ষণ নেন এবং বাড্ডার সাঁতারকুলের আস্তানায় জঙ্গিদের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। আবদুস সবুর চাপাতি ব্যবহারে দক্ষ।