
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হলি আর্টিজানে হামলার ঘটনায় এই প্রথম ‘গুরুত্বপূর্ণ’ কাউকে জীবিত গ্রেপ্তার করা হলো। ওই হামলায় যুক্ত ছিলেন এমন আরও তিনজন এখনো পলাতক আছেন। তাঁদের ধরার চেষ্টা চলছে বলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানান।
এর আগে গত ছয় মাসে গুলশানে হামলায় জড়িত হিসেবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের চিহ্নিত ‘নব্য জেএমবি’র ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি ভোরে এক বন্দুকযুদ্ধে নিহত হন নুরুল ইসলাম ওরফে মারজান। এ ছাড়া কল্যাণপুরের আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান ওরফে রিগ্যান এই মামলার আসামি।
পুলিশ বলছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। তিনি সংগঠনে রাজীব গান্ধী, সুভাষ, শান্ত, টাইগার, আদিল ও জাহিদ নামেও পরিচিত ছিলেন। তিনি ধরা পড়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হলি আর্টিজানে হামলা ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা চেষ্টার পাশাপাশি উত্তরবঙ্গের ২২টি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রাজীব গান্ধীকে গতকালই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, রাজীব গান্ধী গুলশানের হলি আর্টিজানে হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’। তাঁকে জীবিত গ্রেপ্তার করায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। গুলশানের হলি আর্টিজানে হামলা ও উত্তরাঞ্চলে বিভিন্ন হত্যার তদন্তে তো বটেই, এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতেও তাঁকে গ্রেপ্তার করা জরুরি ছিল।
হলি আর্টিজানে হামলায় যুক্ত ছিলেন এমন আর কতজন বাইরে আছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, পুলিশ আরও অন্তত তিনজনকে খুঁজছে। তাঁদের একজন বাশারুজ্জামান ওরফে চকলেট। বাকি দুজনের নাম কৌশলগত কারণে বলা যাচ্ছে না।
মনিরুল ইসলাম বলেন, রাজীব গান্ধী নব্য জেএমবির সমন্বয়ক তামিম চৌধুরীর অন্যতম সহযোগী ছিলেন। গত বছরের মে মাসে গুলশানের হলি আর্টিজানে হামলার পরিকল্পনা হয়। ওই হামলায় জড়িত দুজনকে (বগুড়ার খায়রুল ও শফিকুল) ও শোলাকিয়ায় হামলার জন্য একজনকে (শফিউল) নিয়োগ দেন এই রাজীব গান্ধী। তিনি গুলশানে হামলার জন্য ‘অপারেশনাল হাউস’ হিসেবে ব্যবহৃত বসুন্ধরার বাসায় এক সপ্তাহ অবস্থান করেন এবং অংশগ্রহণকারী দলের সবাইকে চূড়ান্তভাবে প্রস্তুত করেন। হামলার পর তিনি ওই বাড়ি ছেড়ে দিয়ে শেওড়াপাড়ায় চলে যান। কল্যাণপুরের আস্তানায় পুলিশের অভিযানের পর তিনি গা ঢাকা দেন। গত শুক্রবার রাজীব গান্ধী আবার ঢাকায় ঢোকার চেষ্টা করছিলেন বলে জানান মনিরুল ইসলাম।
পুলিশ বলছে, রাজীব গান্ধীর বয়স আনুমানিক ৩২ বছর। ২০০৪-০৫ সালে খুব অল্প বয়সে তিনি জঙ্গিবাদে জড়ান। তখন তিনি জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানের জামাতা ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন শূরা সদস্য আবদুল আউয়ালের পাচক হিসেবে কাজ করতেন। তখন তিনি আবদুল আউয়ালের বিভিন্ন চিঠিপত্র সাইকেলে করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজও করেছেন। ২০০৭ সালে জেএমবির অন্য চার শীর্ষ নেতার সঙ্গে আউয়ালেরও ফাঁসি কার্যকর হয়।
পুলিশ বলছে, রাজীব গান্ধী পুরোনো জেএমবির সদস্যই ছিলেন। পরে নব্য জেএমবিতে যুক্ত হন। ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব গান্ধী জানান যে তিনি নব্য জেএমবির একজন শীর্ষ নেতা। নব্য জেএমবির প্রধান সমন্বয়কারী তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উত্তরবঙ্গের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু পুরোহিত, খ্রিষ্টান ধর্মাবলম্বী ও বিদেশি হত্যা এবং শিয়া মসজিদে হামলাসহ মোট ২২টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।
প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি জানান, রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তাঁদের আদি বাড়ি পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার রাঘবপুর ভূতমারা (চকদাতেয়া) গ্রামে। তাঁর বাবা ওসমান মুনশি কাঠমিস্ত্রির কাজ করতেন, বছর তিনেক আগে মারা যান। জাহাঙ্গীরের মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন।
গতকাল দুপুরে গাইবান্ধা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মালঞ্চা গ্রামে রাজীব গান্ধীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আশপাশের লোকজন জানান, রাজীব গান্ধীর মা সকালে মেয়ের বাড়ির কথা বলে বাড়ি থেকে বের হন।
প্রতিবেশীরা জানান, রাজীব গান্ধী পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। তিনি গ্রামের বাড়িতে নিয়মিত থাকতেন না।
রাজীবের বড় ভাই আবু তাহের প্রথম আলোকে বলেন, তিন থেকে সাড়ে তিন বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে রাজীব বাড়ি থেকে চলে যান। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে রাজীব গান্ধী জঙ্গি তৎপরতায় যুক্ত। গত বছরের ৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুণ দত্ত (৩৮) এবং ২৫ মে মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককে (৬৮) হত্যা মামলার আসামি। এ দুটি হত্যা মামলায় যাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রাজীবও আছেন।