অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করায়...
অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করায় মেয়ের সাবেক স্বামী আলামিন মাদারীপুরের চরমুগুরিয়া বন্দরের মুদি দোকানদার হানিফ হাওলাদারের দোকান পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে বুধবার রাতে মালামালসহ একটি দোকানঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হানিফ হাওলাদার জানান, বখাটেপনা ও নির্যাতনের কারণে এক বছর আগে মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ি গ্রামের নূরুল আমিন তালুকদারের ছেলে আলামিনের সঙ্গে তাঁর মেয়ের বিবাহ-বিচ্ছেদ (তালাক) হয়। বুধবার রাত ১২টার দিকে তাঁর বাড়িতে গিয়ে এসিড দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন আলামিন। এরপর রাত দেড়টার দিকে হানিফ হাওলাদার খবর পান তাঁর দোকানে আগুন লেগেছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।মাদারীপুর দমকল বাহিনী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে চরমুগুরিয়া বন্দরের লোকজন হানিফ হাওলাদারের মুদি দোকানে আগুন দেখতে পায়। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এতে ক্ষতি হয়েছে প্রায় তিন লাখ টাকা।