অন্যদের নামে মামলা আর 'বাঁশ পিডি'কে শুধু বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনায় রডের বদলে বাঁশ দিয়ে সরকারি ভবন নির্মাণের অভিযোগে ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের মালিকসহ চারজনের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মামলা করেছে। এঁদের মধ্যে দুজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাও রয়েছেন। ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল ও পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডকে ১০ বছরের জন্য সরকারি কাজে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
কিন্তু ওই ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক, যিনি ‘বাঁশ পিডি’ হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই সাদেক ইবনে শামসকে ‘শাস্তি’ হিসেবে কিশোরগঞ্জে বদলি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মামলায় অভিযুক্তের তালিকায় নেই সেই আলোচিত প্রকল্প পরিচালকের নাম। দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অনুসন্ধান করছে, তাতেও তাঁর নাম নেই।
এ ব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভবনে রডের বদলে বাঁশ দেওয়ার ঘটনা একটি অনৈতিক কাজ, আমরা এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। ওই কমিটির প্রতিবেদনে যাঁকে যে মাত্রায় দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁকে সেই মাত্রায় শাস্তি দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক সাদেক ইবনে শামসকে প্রকল্প পরিচালক থেকে সরিয়ে দিয়ে পদায়ন করা হয়েছে। তাঁকে আগের চেয়ে নিম্ন পদমর্যাদার দায়িত্বে পাঠানো হয়েছে।’
দুদক ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মণিপুরিপাড়ার জয় ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মনি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার শেওড়াপাড়ার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সেখানেও সাদেক ইবনে শামসের নাম নেই।
এদিকে কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে একটি দল রডের বদলে বাঁশ দেওয়ার স্থান চুয়াডাঙ্গার দর্শনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেই ভবনটি পরিদর্শনে যাচ্ছে। ২৯ ও ৩০ এপ্রিল স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য ওই পরিদর্শনে যাবেন বলে কমিটির সভাপতি মো. মকবুল হোসেন প্রথম আলোকে জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওই ঘটনায় করা মামলায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনকে আসামি করা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গার বহুল আলোচিত ‘বাঁশ পিডি’ সাদেক ইবনে শামস অবশেষে গত বুধবার যোগদান করেছেন কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম এ কথা জানান। জেলার অনেক সামাজিক সংগঠন তাঁকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, ‘সাদেকের মতো একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে কিশোরগঞ্জে বদলি করা হবে, এটা আমরা কখনো প্রত্যাশা করতে পারি না। সরকারের কাছে আমরা আবেদন করব তাঁকে যেন অতি দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়।’
কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিম বলেন, এই দুর্নীতিবাজ কর্মকর্তা কিশোরগঞ্জে আসার ঘটনায় তাঁরা নিন্দা ও প্রতিবাদ করছেন। খাগড়াছড়ির মানুষ তাঁকে গ্রহণ করেনি, কিশোরগঞ্জেও প্রশ্ন ওঠে না।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ বলেন, ‘তিনি (পিডি) এখানে আসায় লোকজনের প্রতিক্রিয়া ভালো না। অনেকেই আমার সঙ্গে এ বিষয়ে কথা বলছে।’
কিশোরগঞ্জে যোগদানের পর এ বিষয়ে সাদেক ইবনে শামস বলেন, রডের পরিবর্তে বাঁশ দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তখন তিনি ভারতের ভেলোরে অবস্থান করছিলেন।