কারও কারও অপকর্মে 'সরকারের অর্জন ম্লান হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু মানুষের অপকর্মের জন্য সরকারের অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বিরক্ত।

আজ রোববার চট্টগ্রামের বই বিপণিকেন্দ্র বাতিঘরে দেশ, রাজনীতি, নিজের অভিনয় ও পারিবারিক জীবনসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।
এই অভিনয় শিল্পীর কথা শুনতে বাতিঘরে নানা বয়সের ভক্তরা ভিড় করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা গণতন্ত্রের চর্চা করার চেষ্টা করছি। এখনো গণতন্ত্র বিকশিত হয়নি। এখনো এ দেশে এমন কিছু শক্তি রয়েছে যারা স্বাধীনতাকে স্বীকার করে না। অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে দেখতে চায় না। আমরা গণতন্ত্রকে পূর্ণ বিকশিত করার চেষ্টা করে যাচ্ছি।’
আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘আমাদেরও কিছু সমালোচনা রয়েছে। আমরা সবাই স্বচ্ছ সে দাবিও করছি না। কিছু কিছু মানুষের অপকর্মের জন্য সরকারের অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজেও বিরক্ত।’
তবে কোনো কোন ক্ষেত্রে অপকর্ম হচ্ছে এবং কিছু মানুষ বলতে কারা অপকর্ম করছেন এ ব্যাপারে তিনি কিছু বলেননি।
বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথামালায় ওঠে আসে তাঁর ছেলেবেলা, পারিবারিক জীবন, উত্তরাঞ্চলের মঙ্গা ও অভিনয় জীবনের নানান দিক। আসাদুজ্জামান নূর বলেন, একবার নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘তৈল সংকট’ নাটকের মহড়ায় ঘুষি মারতে গিয়ে অভিনেতা আবুল হায়াতের নাক ফাটিয়ে দেয় একজন। এরপর আলী যাকের বললেন, নূর ওই রোলে অভিনয় করতে পারবে। যদি আবুল হায়াতের নাক না ফাটত তাহলে হয়তো আমার সুযোগ হতো না।
ছাত্রজীবনে রাজনীতি করেছেন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘ছাত্র ইউনিয়ন করতাম। কখনো গান করিনি। মতি ভাই (প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান) আমাদের নেতা ছিলেন। একদিন বাথরুমে গুনগুন করে গান করছিলাম। বের হতেই মতি ভাই বললেন, এইতো শিল্পী পেয়ে গেছি। তখন থেকে দলীয় গণসংগীতের আসরে আমাকে সামনের সারিতে দেওয়া হতো।’
অভিনয় জীবন সম্পর্কে বলতে গিয়ে নূর বলেন, ‘আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। কখনো কারও সঙ্গে জুটি গড়তে চাইনি। আমি চোর, ডাকাত, খুনি জমিদার, ভালো মানুষ ইত্যাদি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বৈচিত্র্য আনতে চেয়েছি। কখনো রোমান্টিক জুটি গড়ার চেষ্টা করিনি।’
তরুণদের বইয়ের প্রতি আকৃষ্ট করার অবদান হ‌ুমায়ূনের
জননন্দিত লেখক কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় তাঁর জীবনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে মন্তব্য করেন আসাদুজ্জামান নূর। আফসোস করে তিনি বলেন, তাঁর (হুমায়ূন আহমেদ) সঙ্গে কাজ করার একটা আনন্দ ছিল। আনন্দটা স্থায়ী হলো না। তিনি চলে গেলেন। শেষ তিন দিন আমি হুমায়ূন আহমেদের পাশে ছিলাম।
একটু থেমে আসাদুজ্জামান নূর আবার বললেন, ‘হুমায়ূন আহমেদ চলে গেল। সবদিক থেকে আমাদের বড় একটা ক্ষতি হয়েছে। আমাদের তরুণদের বইমুখী করেছে হুমায়ূন আহমেদ। তাঁর অনেক লেখা নিয়ে সমালোচনা থাকতে পারে। তবে তরুণদের বইয়ের প্রতি আকৃষ্ট করার স্বীকৃতি তাঁকে দিতে হবে।’
‘বাকের ভাই’ খ্যাত এই অভিনেতা হুমায়ূন আহমেদের বিখ্যাত ‘কোথাও কেউ নেই’ এর নাটকের ভেতর ও বাইরের নানা ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, ‘কোথাও কেউ নেই নাটকের শেষ পর্বের দিন ঢাকায় কারফিউর মতো অবস্থা। নাটক শেষ হলো রাতে। নাটক দেখে আমি ব্যাগ গুছাচ্ছিলাম। পরদিন আমার বম্বে (মুম্বাই) যাওয়ার কথা। রাত সাড়ে ১২টায় দরজায় কড়া নাড়ার আওয়াজ। খুলে দেখলাম এক তরুণ, তাঁর সঙ্গে ১৪-১৫ বছরের এক কিশোর। তারা পুরান ঢাকা থেকে এসেছে। তরুণটি আমাকে বললেন, ক্ষমা করবেন অনেক রাতে আপনাকে বিরক্ত করছি। আমার এই ভাইটি কোনোভাবে বিশ্বাস করছে না আপনি মারা যাননি। ওটা অভিনয় ছিল। তাই আপনি বেঁচে আছেন সেটা দেখাতে নিয়ে এলাম।’ নূর বলেন, ‘এটা আমার জীবনের একটা প্রাপ্তি।’
তবে ‘কোথাও কেউ নেই’র চেয়ে ‘অয়োময়’ নাটকে অভিনয় নিজের কাছে বেশি ভালো লেগেছে বলে দাবি করেন নূর। তিনি বলেন, ‘অয়োময়’র চরিত্রে অভিনয় আমার কাছে ভালো লেগেছে।’ তিনি বলেন, ‘এখন অভিনয় করতে পারি না সে দুঃখবোধ আছে। তবে অভিনয় যতটুকু করেছি একটা কথা বলতে কি একে অতিক্রম করার শক্তি আমার আর নেই। সে জন্য মনের ভেতর থেকে আগ্রহটা কমে গেছে।’
কবি সাংবাদিক ওমর কায়সারের সঞ্চালনায় কথামালার শুরুতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়। পরে আসাদুজ্জামান নূর বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।