অন্যরকম আবহ অভিজাত এলাকার ইফতারি বাজারে
পুরান ঢাকায় বিভিন্ন মহল্লায় রাস্তার পাশে বসে সারি সারি ইফতারির দোকান। দুপুরের পর থেকে এসব দোকানে ইফতারি তৈরি, দরদাম, বেচাকেনায় এলাকা থাকে সরগরম। তবে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকার ইফতারি বাজারের আবহ অন্যরকম। রেস্তোরাঁগুলোকে কেন্দ্র করেই চলে ইফতারি বেচাকেনা। প্রায় সব রেস্তোরাঁর সামনে থাকা একচিলতে জায়গায় সাজানো হয় ইফতারির পসরা। নেই হই-হুল্লোড়, হাঁকডাক।দুপুরের পর থেকে প্রস্তুতি শুরু হয় রেস্তোরাঁগুলোর। সাজানো হয় ইফতারসামগ্রী। ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিমের পাশাপাশি এসব রেস্তোরাঁয় রয়েছে লাচ্ছা পরোটা, পাঞ্জাবি চিকেন, চিকেন মসাল্লাম, চিকেন তাওয়া ড্রাই, প্রন টোস্ট, চিকেন বড়া কাবাব, বিফ রেনডাং, বিফ তাওয়া ড্রাই, নানা রকম ফিরনি ও জিলাপি। পরিবেশনায় বিশেষত্ব থাকা এসব রেস্তোরাঁর ইফতারির দাম পুরান ঢাকার চেয়ে কিছুটা বেশি। খাসির হালিমের বড় বাটি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়, জিলিপির কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, খাসির চাপ ৬০০ টাকা কেজি, গরুর চাপ ৫০০ টাকা কেজি, আস্ত মুরগির রোস্ট ৩০০ টাকা ও খাসির আস্ত পায়ের রোস্ট ৫০০ টাকা।রেস্তোরাঁগুলোতে বিক্রির ধরনও অন্য এলাকার চেয়ে ভিন্ন। ক্রেতা গেলেই রেস্তোরাঁর কর্মীরা ইফতারসামগ্রীর তালিকা নিয়ে এগিয়ে যান, ক্রেতার ইচ্ছা জেনে নেন। গতকাল সোমবার এমন দৃশ্যই চোখে পড়ে গুলশান-২-এর স্যাফরন রেস্তোরাঁ ও বনানী ১১ নম্বর সড়কের সাজনা রেস্তোরাঁয়।স্যাফরনের কর্মীরা জানান, বেলা তিনটার পর থেকেই জমে ওঠে ইফতারি বিক্রি। রমজান মাসে ৪৭ পদের ইফতারের আয়োজন করে এই রেস্তোরাঁ। এখানে ক্রেতার চাহিদা অনুযায়ী ইফতারির বক্সও সরবরাহ করা হয়।গুলশান-বনানী-বারিধারা ঘুরে দেখা গেছে, ইফতারি বেচাকেনায় তুলনামূলক বেশি সরগরম বনানী এলাকা। বিশেষ করে বনানীর ১১ নম্বর সড়ক। এই সড়কের সাজনা রেস্তোরাঁয় ইফতারির পসরায় আছে ৩০ পদের খাবার। এখানে ১৩০ থেকে ২০০ টাকায় বিশেষ ইফতার বক্সও পাওয়া যায়। এই রেস্তোরাঁয় ৪৫০ টাকায় একজন ইফতারি ও রাতের খাবার খেতে পারবেন। এই আয়োজনে প্রতিদিন খাবারের তালিকায় পরিবর্তন করা হয়।ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাজনা ছাড়াও এই এলাকার রসনা বিলাস, কিংস বেকারিসহ কয়েকটি দোকানে ভিড়ও বেড়েছে।ছুপা রুস্তম: নাম দেখে যাই ভাবুন, এটি একটি কাবাবের নাম। একেবারেই সাদামাটা এক কাবাব এই ছুপা রুস্তম। তবে মুখে দেওয়ার পর ধারণা বদলে যাবে। চার পরতে তৈরি এই কাবাব পাওয়া যায় গুলশানের খাজানা রেস্টুরেন্টে। চার পরতের প্রথমে সবজি, এরপর খাসির মাংস, তারপর মুরগির মাংস, সবশেষে জিভে লাগবে পনিরের স্বাদ। মাংস লুকানো থাকে বলে এর নাম ছুপা রুস্তম।এ ছাড়া ইফতারির পসরা সাজিয়েছে গুলশান-বনানীর অ্যাবাকাস, টপকাপি, ইমানুয়েল, সমরখন্দ ও বুখারা। ফাস্ট ফুডে ইফতারি সারতে চাইলে সেই সুযোগও পাবেন গুলশান-বনানীতে। গুলশান শ্যুটিং ক্লাবের পাশেই রয়েছে ফাস্টফুডের দোকান পিৎজা হাট ও কেএফসির শাখা।