অন্য রকম বৃষ্টি

কনুই দিয়ে লিখে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে বৃষ্টি আখতার। প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ সুবিধাও নেয়নি সে।
বৃষ্টি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এবার সে ভবানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
১৩ বছরের বৃষ্টির বাবা বাচ্চু খন্দকার ভ্যানচালক। মা আসমা খাতুন একজন গৃহিণী। আর্থিক অনটনের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এই মেয়েটি।
বাবা বাচ্চু খন্দকার জানান, জন্মের পর থেকে মেয়ে শারীরিক প্রতিবন্ধী। প্রথমে ভেবেছিলেন, মেয়ে লেখাপড়া এবং কোনো কাজ করতে পারবে না। পরিবারের বোঝা হয়েই থাকতে হবে। তবে তাঁদের ধারণা পাল্টে দিয়েছে বৃষ্টি। স্কুলে ভর্তি হয়েছে। আর দশটা শিশুর সঙ্গে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। এবার সে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
গতকাল রোববার ইংরেজি প্রথমপত্র পরীক্ষার দিনে ভবানীগঞ্জ পরীক্ষাকেন্দ্রে গিয়ে অন্যদের সঙ্গে বৃষ্টিকে পরীক্ষা দিতে দেখা যায়। দুই হাতের কনুই একসঙ্গে করে নিজের মতো করে পরীক্ষা দিচ্ছে। এতে কোনো সমস্যা হচ্ছে না তার।
পরীক্ষা শেষে বৃষ্টি জানায়, কনুই দিয়ে লেখার উপায় ছোটবেলা থেকেই শিখেছে। সে কারণে এখন আর সমস্যা হয় না। পরীক্ষার প্রথম দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দেখে পরীক্ষাকেন্দ্রে প্রতিবন্ধীদের যেসব সুবিধা রয়েছে, তা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। তবে প্রয়োজন না হওয়ায় সে সেটা গ্রহণ করেনি।
ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষাকেন্দ্রের সহকারী সচিব মুনসুর রহমান ইউএনওর নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকলেও সে তা নেয় না। নির্দিষ্ট সময়ের মধ্যেই সে সব কটি প্রশ্নের উত্তর লিখে খাতা জমা দেয়।
তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি প্রতিবন্ধী হলেও সে নিজের মনোবলের কারণে সামনে এগিয়ে যাচ্ছে। অন্য স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই লিখতে পারে। সে মেধাবী। জেএসসিতে ভালো ফল করবে বলে বিদ্যালয়ের শিক্ষকেরা আশা করছেন।