অন্যরা ফেরেন বাড়িতে তাঁরা ছোটেন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদ উপলক্ষে যখন সবাই নাড়ির টানে বাড়ির দিকে ছুটছেন, তখন আরেক শ্রেণির মানুষ বেশি রোজগারের আশায় ছুটছেন রাজধানী ঢাকাসহ কয়েকটি শহরের দিকে। এ মানুষেরা সবাই পেশায় ‍কসাই। কোরবানির পশু জবাই ও মাংস তৈরির জন্য ঢাকাসহ অন্যত্র পাড়ি জমাচ্ছেন তাঁরা।

কোরবানির ঈদে মফস্বলে একটি পশুর মাংস তৈরি করে একজন কসাই যত আয় করেন, রাজধানীতে আয় করেন তার চেয়ে কয়েক গুণ বেশি।

গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে কথা হয় এমন কয়েকজনের সঙ্গে। উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ‘সারা বছর এলাকায় মাংস বানানোর কাজ করি। কোরবানির ঈদের সময় ঢাকায় কাজ জানা মানুষের খুব কদর। তাই বেশি রোজগারের আশায় ঢাকায় যাচ্ছি।’ নগদ টাকার সঙ্গে সঙ্গে অনেক মাংসও পাওয়া যায় বলে জানান তিনি।

শাহজামাল হোসেন নামের আরেকজন বলেন, ঈদের দিনে কমপক্ষে তিনটি গরুর কাজ করা যায় ঢাকায়। এতে অন্তত হাজার বিশেক টাকা আয় হয়। বাড়তি হিসেবে পাওয়া যায় অনেক মাংস। এলাকা থেকে শতাধিক মানুষ এ সময় ঢাকায় যান বলে তিনি জানান।

রণতিথা এলাকার আবদুস সালাম বলেন, বেশি টাকা আয়ের আশায় কয়েক বছর ধরে অনেক মানুষ এ সময় ঢাকায় যাচ্ছেন। সেখানে তাঁদের কাজের মজুরি বেশি বলে প্রতিবছর এ সময় ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়ছে বলে তিনি জানান।

এদিকে বগুড়ার দুপচাঁচিয়া থেকে গত শনিবার থেকে ঢাকাসহ কয়েকটি শহরের দিকে দল বেঁধে ছুটছেন কোরবানির পশু জবাই ও মাংস তৈরির সঙ্গে জড়িত লোকজন। উপজেলার বেশির ভাগ কসাই এরই মধ্যে ঢাকায় চলে গেছেন বলে তাঁদের পরিবারের সদস্যরা জানান। গতকাল উপজেলার কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।

উপজেলার তালুচ হাটে গিয়ে কথা হয় কসাই ইউনুছ আলীর সঙ্গে। তিনি বলেন, উপজেলার বেশির ভাগ কসাই তালুচ, ঝাঁঝিড়া, জিয়ানগর ও দুপচাঁচিয়া সদরে বসবাস করেন। কোরবানি ঈদের এক সপ্তাহ আগে থেকেই ঢাকার বিভিন্ন মহল্লার পরিচিত লোকদের সঙ্গে কথা বলে রাখেন তাঁরা। পরে ঈদের দুই-এক দিন বাকি থাকতে ঢাকায় পাড়ি জমান। তিনি আরও বলেন, একেকটি বড় আকারের গরু জবাই ও সেটির মাংস তৈরি করে ৮ থেকে ১০ হাজার টাকা পান তাঁরা। ছোট আকারের গরুর জন্য পান ৪ থেকে ৫ হাজার টাকা।

উপজেলার ডিমশহর গ্রামের কসাই জাহাঙ্গীর আলম বলেন, এ উপজেলা থেকে ৫০ থেকে ৬০ জন কসাই ঢাকায় পাড়ি জমিয়েছেন। কীভাবে যোগাযোগ হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো এক দিনের কথা নয়। ১০ থেকে ১২ বছর যাবৎ এলাকার কসাইরা কোরবানির ঈদের এ সময় ঢাকার বিভিন্ন মহল্লায় কাজ করে আসছেন। এতে একটা যোগাযোগ তৈরি হয়। আগের পরিচিত কসাইদের মাধ্যমে অন্যরাও যাচ্ছেন। একেকজন কসাই প্রতি কোরবানি ঈদে ২৫ থেকে ৩০ হাজার টাকা কামাই করেন বলে জানান তিনি।

তালুচ গ্রামের কসাই এমদাদুল হকের স্ত্রী রোজিনা বেগম বলেন, কোরবানি ঈদে নিজেদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। তাই স্বামী ৮-১০ বছর যাবৎ ঢাকায় গিয়ে পশু জবাই করে বাড়তি টাকা রোজগারের চেষ্টা করেন এ সময়। তাঁর স্বামী ঢাকার মগবাজারের কাজির গলিতে পশু জবাই ও মাংস কাটার কাজ করেন। তিনি ওই এলাকার বড় কয়েকজন ব্যবসায়ীর কোরবানির কাজ করেন। আজ কয়েক বছর হলো ঢাকার ওই ব্যবসায়ীরা তাঁর স্বামীর মুঠোফোনে যোগাযোগ করে ঢাকায় নিয়ে যান। এরপর একটি হোটেলে রেখে কাজ করে টাকাও দেন, আবার মাংসও দেন।

উপজেলা মাংস বিক্রেতা সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, উপজেলার কয়েকজন কসাই এনজিও থেকে টাকা নিয়ে পশু কিনে বিভিন্ন হাটে জবাই করে সারা বছর কমবেশি ব্যবসা করেন। যাঁদের পুঁজি নেই, তাঁরা টুকটাক কাজ করলেও সারা বছরই বসে থাকেন। এ জন্য কোরবানি ঈদে তাঁরা ঢাকায় গিয়ে বাড়তি রোজগারের চেষ্টা করেন।