প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে এবং দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কেউ যাবে না। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওল্লিংয়ের বিদায়ী সাক্ষাৎকালে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষ গণতন্ত্রপ্রিয় এবং তারা দৃঢ়ভাবে নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। কাজেই আমি মনে করি না কেউ জনগণের ইচ্ছার বাইরে যাবে।’ তিনি আরও বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের পথ অনুসরণ করে বাংলাদেশে পরবর্তী নির্বাচন হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে সব নির্বাচনই অবাধ, মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে হয়েছে। সরকার পরবর্তী সাধারণ নির্বাচনও একই প্রক্রিয়ায় সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এবং দেশ দুটি পারস্পরিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির প্রশংসা করেন। তিনি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য তাঁর (প্রধানমন্ত্রী) প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর দেশ বিদ্যুৎ উৎপাদন, জাহাজ তৈরিসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী।কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কাতারের রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল বিদায়ী সাক্ষাৎ করেন।বৈঠককালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে গুরুত্ব দেয় এবং তা আরও সুদৃঢ় করার অপেক্ষায় রয়েছে।তিনি কাতারকে বিদ্যুৎ, বেসামরিক বিমান চলাচল, স্বাস্থ্যসেবা, পোশাক, ওষুধ ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।