অন্যান্য দেশের মতো পরবর্তী সাধারণ নির্বাচন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের পথ অনুসরণ করে বাংলাদেশে পরবর্তী নির্বাচন হবে। বর্তমান সরকারের আমলে সব নির্বাচনই অবাধ, মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে হয়েছে। সরকার পরবর্তী সাধারণ নির্বাচনও একই প্রক্রিয়ায় সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওল্লিংয়ের বিদায়ী সাক্ষাত্কালে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে এবং দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কেউ যাবে না। এ দেশের মানুষ গণতন্ত্রপ্রিয় এবং তারা দৃঢ়ভাবে নির্বাচন-প্রক্রিয়ার পক্ষে। কাজেই আমি মনে করি না, কেউ জনগণের ইচ্ছার বাইরে যাবে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চমত্কার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এবং দেশ দুটি পারস্পরিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির প্রশংসা করেন। তিনি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন। ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশ বিদ্যুত্, জাহাজ নির্মাণসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

পরে কাতারের রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত্ করেন। বৈঠককালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে গুরুত্ব দেয় এবং তা আরও দৃঢ় করার অপেক্ষায় রয়েছে। তিনি কাতারকে বিদ্যুত্, বেসামরিক বিমান চলাচল, স্বাস্থ্যসেবা, পোশাক, ওষুধ ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান। বাসস।